১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্যে কাজ চলছে। নির্ধারিত সময়েই কারখানাটি চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় শিল্পাঞ্চলটির দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তা এবং পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তারা আমাদের জানিয়েছেন, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করবেন। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে।

প্রথম কারখানা চালুর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ১৮ মাসের মধ্যে যে প্রথম কারখানা চালু হওয়ার কথা ছিল, সেটি নিয়েও কাজ চলছে। নির্ধারিত সময়েই প্রথম কারখানা চালু হবে।

এর আগে আজ বেলা ১১টার দিকে আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন বিজন কান্তি সরকার। গত রাতে তিনি কেইপিজেডে অবস্থান করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শনে যান। পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশে রওনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
ছবি সংগৃহীত।

দীর্ঘ ৩৬ দিন স্থবির থাকার পর অবশেষে একাডেমিক কার্যক্রমে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয়। পরে বেলা ১১টা পর্যন্ত চলে ক্লাস কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, ১২টি বিভাগের মধ্যে একটি ছাড়া অন্য কোনও বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, আজ স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়েই আমাদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল। তবে আজকের ল্যাবটি আমরা বিভাগের সঙ্গে কথা বলে স্থগিত করিয়েছি।

ওই বিভাগের প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, আমাদের সকাল ৯টায় ক্লাস হয়েছে। ২১, ২২ ও ২৩ ব্যাচের ক্লাস হয়েছে। তবে শিক্ষার্থীর সংখ্যা কম ছিল। সব ব্যাচেরই ক্লাস হয়েছে। ২১ ও ২২ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি বেশি ছিল। বেশিরভাগ শিক্ষার্থী হয়তো আগামীকাল আসতে পারে।

তবে শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, একাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি চলবে আন্দোলনও।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই প্রতিবাদে নামেন চুয়েটের শিক্ষার্থীরা। পরদিন শুরু হয় কমপ্লিট শাটডাউন। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা।




চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পোশাক ও ব্যাগে মিলল দেড় কেজি সোনা

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পোশাক ও ব্যাগে মিলল দেড় কেজি সোনা
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর হাতব্যাগ ও পরিহিত পোশাক থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করেন বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের সদস্যরা।

আটক যাত্রীর নাম মো. শরীফ। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বিমানবন্দরের আগমনী হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় ওই যাত্রীর সন্দেহজনক গতিবিধি লক্ষ করে তল্লাশি চালানো হয়। পরে ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে তাঁর হাতব্যাগ ও পরিহিত পোশাক থেকে স্বর্ণের চুড়িগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, উদ্ধার করা স্বর্ণ থেকে প্রাপ্য রাজস্বের পরিমাণ ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।




আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত
ছবি সংগৃহীত।

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নির্বাচিত হওয়া ডা. শাহাদাত হোসেনকে এবার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আইনের ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন তিনি।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে তিনি আদালতে মামলা করেন। পরে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র নির্বাচিত ঘোষণা করে রায় দেন।