লামায় গ্রিন হিলের উদ্যোগে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভার হরিণঝিরি পাড়ায় বন্যা-দুর্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রিন হিলের উদ্যোগে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ১৪২ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ২২ জন গর্ভবতী মা-কে দেওয়া হয় মাতৃস্বাস্থ্যসেবা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) লামা পৌরসভার হরিণঝিরি পাড়ায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহযোগিতা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটির আয়োজন করে গ্রিন হিল।
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে “Strengthening Maternity and Child Health Services Delivery for the Marginalized Community in Bandarban through Green Hill – Emergency Response” শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো বন্যা-দুর্গত, দুর্গম ও স্বাস্থ্যসেবাবঞ্চিত এলাকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
স্বাস্থ্য ক্যাম্পে সাধারণ ও অন্যান্য রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষা এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্যাম্পে উপস্থিত থেকে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএইচএফপি) ডা. বাপ্পি মারমা সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ ছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় দাশ, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) শামশুন নাহার লিপি এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) চম্পা রানী রুদ্র স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেন।
ক্যাম্পে এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসারসহ পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে এ ধরনের বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প আয়োজনের ফলে দুর্গম ও বন্যা-দুর্গত এলাকার মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, গ্রিন হিলের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে লামা উপজেলার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে। পাশাপাশি মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাস এবং দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম কার্যকর অবদান রাখবে।










