সাতকানিয়ায় ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সাতকানিয়ায় ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতকানিয়ায় ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি সংগৃহীত।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার মাধ্যমে নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী তাণ্ডব এবং বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবিতে সাতকানিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেরানীহাট হক টাওয়ার চত্বরে গতকাল বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, “আজকের এই প্রতিবাদ সমাবেশ কোনো সরকারের বিরুদ্ধে নয়, এটি সরাসরি খুনি ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তারা নিরীহ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। শুধু তাই নয়, নিথর লাশের ওপর নৃত্য করে তারা বাংলার রাজনীতিতে এক কলঙ্কজনক ও বর্বর অধ্যায় রচনা করেছে।”

তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ দেশের মাটিতে মানবতাবিরোধী এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডব এবং পরবর্তীতে সংঘটিত সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে এ দেশের মাটিতেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বাংলার মানুষ ফ্যাসিবাদের রক্তচক্ষুকে আর ভয় পায় না। ছাত্র-জনতার ঐতিহাসিক রক্তস্রোতের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধী ও খুনির স্থান হতে পারে না। অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তাঁরা।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাকারিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, এ কে এম ফরিদুল আলম, মাওলানা আবুল ফয়েজ, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন, আবদুল জলিল, ইব্রাহিম চৌধুরী, কেরানীহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আবদুল মালেকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।




মাদক মামলার জামিন চাইতে গিয়ে কারাগারে চেয়ারম্যান প্রার্থী সুমন

মাদক মামলার জামিন চাইতে গিয়ে কারাগারে চেয়ারম্যান প্রার্থী সুমন
মো. সোহেল উদ্দিন সুমন

মাদক মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে যেতে হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল উদ্দিন সুমন প্রকাশ ‘ইয়াবা সুমন’-কে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জজকোর্টের এই মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রবিউল। এর আগে গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জজকোর্ট সুমনের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানাজানি হলে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুঁইদণ্ডী ইউনিয়নে পরোয়ানাভুক্ত ও মাদক মামলার আসামিকে চেয়ারম্যান পদে প্রচারণা চালাতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ ভোটারদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে ইয়াবা ব্যবসা শুরু করেন। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি; রাতারাতি কোটিপতির তালিকায় নাম লেখান তিনি। ২০২৪ সালের আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুবাদে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। নির্বাচনকে সামনে রেখে তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতে সুমন সম্প্রতি ঢাকার জজকোর্টে জামিন নিতে যান। মামলার শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. সোহেল উদ্দিন সুমন জুঁইদণ্ডী ইউনিয়নের মো. বদিউর আলমের পুত্র। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এলাকায় তিনি ‘ইয়াবা সুমন’ হিসেবে বেশ পরিচিত।

থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার কাফরুল থানা পুলিশ সুমনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠায়। পরে মামলাটিতে তিনি জামিনে মুক্ত হলেও নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তিনি এতদিন পলাতক ছিলেন। নির্বাচনকে সামনে রেখে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করতে গেলে শুনানি শেষে আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাঁকে জেলহাজতে পাঠান।

এ ঘটনায় জেলা পুলিশ ও আদালত সূত্র জানায়, আসামির বিরুদ্ধে মাদক আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার সচেতন নাগরিক ও সাধারণ ভোটারদের অভিযোগ, একজন চিহ্নিত মাদক কারবারি বা মামলার আসামি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তবে এলাকার সামাজিক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। যুবসমাজ আরও বেশি মাদকের দিকে ঝুঁকে পড়ার চরম আশঙ্কা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা একজন পরিচ্ছন্ন ও সৎ প্রতিনিধি চাই। কোনো অপরাধী বা মাদক কারবারিকে আমরা প্রতিনিধি হিসেবে দেখতে চাই না।”

ঢাকা জজকোর্টের এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রবিউল বলেন, “ঢাকার কাফরুল থানার একটি মাদক মামলায় পরোয়ানাভুক্ত মো. সোহেল উদ্দিন সুমন দীর্ঘদিন পলাতক ছিলেন। গত সোমবার দুপুরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে আসেন। মামলার শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি পরিচালনায় রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।”




লোহাগাড়ায় তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

লোহাগাড়ায় তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
ছবি সংগৃহীত।

লোহাগাড়ায় ২২ বছর বয়সী কক্সবাজারের রামুর এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনায় সহযোগিতার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লোহাগাড়া উপজেলার পুটিবিলা সড়াইয়া এলাকার হারিছ মিয়া (৩৯) ও মো. এহছান (২৬) এবং সড়াইয়া এয়াছিনপাড়া এলাকার মো. নজরুল ইসলাম (২০)। তাদের মধ্যে হারিছ মিয়া ও এহছান মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে মোবাইল ফোনে ভুল নম্বরে যোগাযোগের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে এহছানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এহছান বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে লোহাগাড়ায় নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজারের রামু থেকে রওনা দিয়ে রাত ১১টার দিকে কেরানীহাটে পৌঁছান ওই তরুণী। সেখান থেকে এহছান তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ফারাঙ্গা এলাকার ইলিয়াস চৌধুরীর বাগানে নিয়ে যান।

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, বাগানের ভেতরে তমিজ নামের এক ব্যক্তির থাকার জন্য নির্মিত টিনের ছাউনিযুক্ত মাটির ঘরে তরুণীকে আটকে রাখা হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে হারিছ মিয়া ও এহছান ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ২৪ অক্টোবর রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে ঘটনাটি ঘটে বলে মামলায় উল্লেখ রয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় সহযোগিতার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।




সাতকানিয়ার ছদাহা আফঝল নগর হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আগামী ৩১ অক্টোবর

সাতকানিয়ার ছদাহা আফঝল নগর হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আগামী ৩১ অক্টোবর
ছবি সংগৃহীত।

পবিত্র কুরআনের আলোয় চারপাশ আলোকিত করতে এবং তরুণ প্রজন্মের মাঝে কুরআনের নূর ছড়িয়ে দিতে আগামী ৩১ অক্টোবর, শনিবার সকাল থেকে অত্যন্ত ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আফঝল নগর হিফজুল কোরআন প্রতিযোগিতা’। দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন হিফজখানা থেকে কুরআনের কচি প্রাণ হাফেজরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতা শেষে একই দিন বিকেল ৩টায় বর্ণিল এক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।

তাহফিজুল কোরআন রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ সাতবাড়িয়া দরবারের পীর শাহ আবদুল হালিম রশিদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা অধ্যক্ষ আব্দুর রশিদ কাদেরী এবং মাওলানা মোরশেদুল আলম।

উক্ত আয়োজনে দেশের বরণ্য ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলোচক এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তাহফিজুল কোরআন রিসার্চ সেন্টারের সম্মানিত সভাপতি মাওলানা কামাল উদ্দিন।

কুরআনের হাফেজদের প্রতিভা বিকাশ, তাঁদের উৎসাহ প্রদান এবং দ্বীনি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই মহতী অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।