সাতকানিয়ার ছদাহা আফঝল নগর হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আগামী ৩১ অক্টোবর

পবিত্র কুরআনের আলোয় চারপাশ আলোকিত করতে এবং তরুণ প্রজন্মের মাঝে কুরআনের নূর ছড়িয়ে দিতে আগামী ৩১ অক্টোবর, শনিবার সকাল থেকে অত্যন্ত ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আফঝল নগর হিফজুল কোরআন প্রতিযোগিতা’। দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন হিফজখানা থেকে কুরআনের কচি প্রাণ হাফেজরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতা শেষে একই দিন বিকেল ৩টায় বর্ণিল এক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।
তাহফিজুল কোরআন রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ সাতবাড়িয়া দরবারের পীর শাহ আবদুল হালিম রশিদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা অধ্যক্ষ আব্দুর রশিদ কাদেরী এবং মাওলানা মোরশেদুল আলম।
উক্ত আয়োজনে দেশের বরণ্য ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলোচক এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তাহফিজুল কোরআন রিসার্চ সেন্টারের সম্মানিত সভাপতি মাওলানা কামাল উদ্দিন।
কুরআনের হাফেজদের প্রতিভা বিকাশ, তাঁদের উৎসাহ প্রদান এবং দ্বীনি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই মহতী অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।









