রাতেই বিলুপ্ত, এক দিন না যেতেই পুনর্বহাল ফটিকছড়ি যুবদলের কমিটি

সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে বিলুপ্ত ঘোষণার মাত্র ২১ ঘণ্টার মাথায় পুনর্বহাল করা হয়েছে ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি। শনিবার মধ্যরাতে বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় যুবদল।
রবিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত দেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ও পুনর্বহালের বিষয়টি জানানো হয়।
বিলুপ্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের সুস্পষ্ট অভিযোগে বিলুপ্ত করা হয়েছে। তবে কী ধরনের শৈথিল্যের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। একইভাবে মাত্র ২১ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্বহালের কারণও জানানো হয়নি।
এদিকে তৃণমূল নেতাকর্মীদের দাবি, হামলার ঘটনার দিনই সাংগঠনিক শৈথিল্যের অভিযোগ তুলে কমিটি বিলুপ্ত করা হয়েছিল। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই এত অল্প সময়ের ব্যবধানে তা পুনর্বহাল করায় তাঁদের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। গতকাল হঠাৎ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও বিনা দ্বিধায় তা মেনে নিয়েছিলাম। আজ আবার কমিটি পুনর্বহাল হওয়ায় আনন্দিত হয়েছি। দলের সব সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছি।”









