পঞ্চবটি চা বাগানে ছিনতাই: ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও দুর্গাপূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে; বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের প্রবেশদ্বারের কাছে মসজিদসংলগ্ন সড়কে এ ছিনতাই ঘটে। ব্যাংক থেকে শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল কান্তি দাশ। ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। হামলায় দুজন আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় চা শ্রমিক ও পুলিশ তৎপর হয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৬ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও আদালতে দেওয়া জবানবন্দির সূত্র ধরে পরবর্তী অভিযান চালানো হয়।
সর্বশেষ গত ২১ নভেম্বর রাতে জাবেদের বসতঘরে অভিযান চালায় ভূজপুর থানা পুলিশ। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো স্থান থেকে লুকিয়ে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করেন পুলিশ সদস্যরা। উদ্ধার হওয়া এ অর্থ ছিনতাইয়ের ঘটনার বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাতজন হলেন—মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।









