ফটিকছড়িতে দোকানে বসে থাকা ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

ফটিকছড়িতে দোকানে বসে থাকা ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

ফটিকছড়িতে দোকানে বসে থাকা ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা মো. আবছার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

গুলিতে গুরুতর আহত আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী সেখানে আসে। তারা আবছার চৌধুরীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবছার চৌধুরীকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মো. কাদের ও মো. হারেছ নামে দুজন জড়িত বলে দাবি করে তিনি বলেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হলে হামলার মূল পরিকল্পনাকারীর পরিচয় বেরিয়ে আসবে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাঁ পা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, দুর্বৃত্তদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রশাসনকে দেওয়ার কারণেই আবছার চৌধুরীর ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আবছার নামে এক ব্যক্তির দোকানে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে।




রাতেই বিলুপ্ত, এক দিন না যেতেই পুনর্বহাল ফটিকছড়ি যুবদলের কমিটি

রাতেই বিলুপ্ত, এক দিন না যেতেই পুনর্বহাল ফটিকছড়ি যুবদলের কমিটি
ছবি সংগৃহীত।

সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে বিলুপ্ত ঘোষণার মাত্র ২১ ঘণ্টার মাথায় পুনর্বহাল করা হয়েছে ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি। শনিবার মধ্যরাতে বিলুপ্তির ঘোষণা দেওয়ার পর রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় যুবদল।

রবিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত দেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ও পুনর্বহালের বিষয়টি জানানো হয়।

বিলুপ্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের সুস্পষ্ট অভিযোগে বিলুপ্ত করা হয়েছে। তবে কী ধরনের শৈথিল্যের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। একইভাবে মাত্র ২১ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্বহালের কারণও জানানো হয়নি।

এদিকে তৃণমূল নেতাকর্মীদের দাবি, হামলার ঘটনার দিনই সাংগঠনিক শৈথিল্যের অভিযোগ তুলে কমিটি বিলুপ্ত করা হয়েছিল। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই এত অল্প সময়ের ব্যবধানে তা পুনর্বহাল করায় তাঁদের মধ্যে বিস্ময় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। গতকাল হঠাৎ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও বিনা দ্বিধায় তা মেনে নিয়েছিলাম। আজ আবার কমিটি পুনর্বহাল হওয়ায় আনন্দিত হয়েছি। দলের সব সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছি।”




পঞ্চবটি চা বাগানে ছিনতাই: ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

পঞ্চবটি চা বাগানে ছিনতাই: ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও দুর্গাপূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে; বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের প্রবেশদ্বারের কাছে মসজিদসংলগ্ন সড়কে এ ছিনতাই ঘটে। ব্যাংক থেকে শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল কান্তি দাশ। ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। হামলায় দুজন আহত হন।

ঘটনার পরপরই স্থানীয় চা শ্রমিক ও পুলিশ তৎপর হয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৬ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও আদালতে দেওয়া জবানবন্দির সূত্র ধরে পরবর্তী অভিযান চালানো হয়।

সর্বশেষ গত ২১ নভেম্বর রাতে জাবেদের বসতঘরে অভিযান চালায় ভূজপুর থানা পুলিশ। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো স্থান থেকে লুকিয়ে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করেন পুলিশ সদস্যরা। উদ্ধার হওয়া এ অর্থ ছিনতাইয়ের ঘটনার বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাতজন হলেন—মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।




ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত ব্যক্তিরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তাঁরা সবাই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে প্রতিপক্ষের লোকজন ওত পেতে থেকে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছিল। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই মিছিলের প্রতিবাদস্বরূপ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।

নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। অপরাধী যে-ই হোক, তাঁদের গ্রেপ্তার করা হবে।