ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত ব্যক্তিরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তাঁরা সবাই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে প্রতিপক্ষের লোকজন ওত পেতে থেকে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছিল। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই মিছিলের প্রতিবাদস্বরূপ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।

নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। অপরাধী যে-ই হোক, তাঁদের গ্রেপ্তার করা হবে।




যুবদলকে রাজপথে সক্রিয় থাকতে হবে: এমপি আলমগীর

যুবদলকে রাজপথে সক্রিয় থাকতে হবে: এমপি আলমগীর
ছবি সংগৃহীত।

“যুবদল ও ছাত্রদল বিএনপির প্রাণ। তাই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় যুবদলকে রাজপথে সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে সংগঠনে যাতে কোনো চাঁদাবাজের স্থান না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ফটিকছড়ি পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরী ও আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ ও জালাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ বেলাল এবং নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবির।

এ ছাড়া সভায় আরমান উদ্দিন কালু, আবসার উদ্দিন, নাজিম উদ্দিন, হাসান চৌধুরী, হেলাল উদ্দিন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ইকবাল, সুমন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মনজুরুল, মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, বাপ্পা চৌধুরী, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ আজমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




ফটিকছড়িতে জুমার নামাজের সময় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ফটিকছড়িতে জুমার নামাজের সময় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে জুমার নামাজের সময় বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজারে এ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলে আনুমানিক ১৫ থেকে ২০ জন অংশ নেন।

নুরুল করিম নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়। পুলিশ জানিয়েছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা নুরুল করিম।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘জুমার নামাজের সময় মিছিলটি হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা নুরুল করিমকে গ্রেপ্তারে এর আগেও অভিযান চালানো হয়েছে। ভিডিওটি আমাদের নজরে এসেছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযানে রয়েছে।’




দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজনের প্রাণহানি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজনের প্রাণহানি
ছবি সংগৃহীত।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই সহোদরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও তাঁর ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার হায়দার আলী সিপাহীর বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে। অপর নিহত সিয়াম (১৯) মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব মেখলের মৌলভী আবদুল হামিদ বাড়ির মোহাম্মদ ওসমানের ভাতিজা ও শফিউল আজমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজও সারাদিন থেমে থেমে হালকা বৃষ্টি হওয়ায় মহাসড়ক পিচ্ছিল হয়ে ওঠে। এ সময় তুষার তাঁর আপন ছোট ভাইকে নিয়ে হাটহাজারী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী ইফতেখার মাহমুদ তুষার মারা যান। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত ইমতিয়াজ মাহমুদ ইরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামকেও মৃত ঘোষণা করা হয়।

নিহত দুই ভাইসহ তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। জানা গেছে, নিহত ইফতেখার মাহমুদ তুষার প্রবাসী ছিলেন এবং এক কন্যাসন্তানের জনক।

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ও চালকদের অসতর্কতাকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম এ প্রতিবেদককে জানান, তাঁর ইউনিয়নের বংশাল এলাকার আপন দুই সহোদর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নাজিরহাট হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের এসআই মোস্তাফিজ এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলেই ইফতেখার মাহমুদ তুষার মারা যান এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।