গোপালগঞ্জে আন্দোলনকারী বাঁশখালীতে গ্রেপ্তার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আন্দোলনকারী বাঁশখালীতে গ্রেপ্তার

গোপালগঞ্জে আন্দোলনকারী বাঁশখালীতে গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

গোপালগঞ্জে আন্দোলনে অংশ নিয়ে নিজ এলাকায় ফেরার পর বাঁশখালীর ছাত্রলীগ নেতা আবদুল করিম ভূতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল আলীর ছেলে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে আন্দোলন শেষে নিজ এলাকায় ফেরেন আবদুল করিম। পরে ওই দিন সন্ধ্যায় সরল ইউনিয়নের সরল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




নাগরিক সেবা সহজতর করতে ৮নং ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কেরানীহাটে অস্থায়ী কার্যালয় উদ্বোধন

নাগরিক সেবা সহজতর করতে ৮নং ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কেরানীহাটে অস্থায়ী কার্যালয় উদ্বোধন
ছবি সংগৃহীত।

নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের কেরানীহাটে একটি অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেছেন গতকাল ২২ নভেম্বর। এর মাধ্যমে ইউনিয়নের সাধারণ মানুষ এখন হাতের নাগালেই প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, “নাগরিক সেবা দেওয়া আমার প্রধান লক্ষ্য। ঢেমশার সাধারণ মানুষ যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অনেক সময় দূরত্ব বা যাতায়াত জটিলতার কারণে সাধারণ মানুষের সেবা পেতে ভোগান্তি হয়। সেই বিষয়টি মাথায় রেখেই জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে কেরানীহাটে এই অস্থায়ী কার্যালয় চালু করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জন্মনিবন্ধন ও নাগরিক সনদসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা যেন মানুষ সহজেই পান, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।”

উদ্যোগটিকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি মো. আবছার বলেন, “কেরানীহাটে অস্থায়ী কার্যালয় চালু হওয়ায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক ও প্রশাসনিক সেবা নিতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে কর্মব্যস্ত ও বয়স্ক মানুষের জন্য এটি বড় স্বস্তির খবর।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




আনোয়ারায় যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আনোয়ারায় যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত।

আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক নববধূকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। একই সময় তাঁর শ্লীলতাহানি এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ওই নারীর বাবা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগম, মো. সেকান্দর ও হ্যাপী আক্তার।

সংবাদ সম্মেলনে এমন প্রতারণামূলক আচরণ যাতে আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে, সেজন্য বিয়ের তিন দিন পর নববধূকে রেখে পালিয়ে যাওয়া স্বামী মো. তৌহিদুল ইসলামসহ জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে চেমন আরা বেগমের মেয়ে নাজমিন সুলতানার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় তৌহিদুল আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ৮ নভেম্বর দুপুরে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর নাজমিনের ভাই মো. ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের উপস্থিতিতেই নাজমিনের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। পাশাপাশি তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনটিও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করলে তালাকের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর মা চেমন আরা বেগম বাদী হয়ে তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করে গত ১৭ নভেম্বর আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ নভেম্বর সন্ধ্যায় পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুল হক সুমনের সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সহ-সভাপতি মো. আলমগীর ও মো. মিয়া, সাধারণ সম্পাদক মো. আলী হায়দার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাবেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন রানা, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, অর্থ সম্পাদক মো. সোলাইমান, সহ-অর্থ সম্পাদক মো. ইরফান, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন শিবলী, প্রবাসী সম্পাদক মো. হাসান, সহ-প্রবাসী সম্পাদক মো. রনি, ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম মুন্না, ধর্ম সম্পাদক হাফেজ মো. মাসুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম হৃদয়। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ ফরহাদ ও মো. সুমন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুবসমাজ একটি এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। নবজাগরণ যুব সংঘকে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থার সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এলাকার উন্নয়ন ও মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিচিতি পর্ব ও আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।