রাজস্ব ঘাটতি মেটাতে খুচরা ব্যবসায়ীদের দুয়ারে এনবিআর

খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজারে দুই টাকা হারে অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ জন্য বিশেষ অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এরইমধ্যে অ্যাপ তৈরির কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি থেকে অ্যাপটি ব্যবহারের জন্য চূড়ান্ত করা হতে পারে।
এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। অর্থাৎ সরবরাহ করা পণ্যের প্রতি হাজার টাকার বিপরীতে দুই টাকা অগ্রিম কর কেটে রাখা হবে। এত দিন বাজেটে এ বিধান রাখা হলেও এবার তা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে এনবিআর।
প্রাথমিকভাবে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে এ কর আদায় করা হবে। এ জন্য পরিবেশকদের বিশেষ অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব সংরক্ষণ, রসিদ প্রদান এবং স্বয়ংক্রিয়ভাবে ই-ইনভয়েস তৈরির ব্যবস্থা থাকবে। পাশাপাশি পণ্যের মূল্য গ্রহণের সুযোগও থাকবে। মাস শেষে বিক্রির হিসাব অনুযায়ী প্রতি হাজারে দুই টাকা হারে অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন পরিবেশকেরা। এ ক্ষেত্রে করের দায় খুচরা বিক্রেতার হলেও পরিবেশকেরা তা সংগ্রহ করে সরকারের কোষাগারে জমা দেবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কর জমা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে।
এনবিআর সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে শুধু পরিবেশকদের জন্য অ্যাপটি চালু করা হবে। পরে পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্যও অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। অ্যাপ তৈরি ও বাস্তবায়নের কৌশল নির্ধারণে শিগগিরই বড় বড় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের প্রধানদের সঙ্গে আলোচনা করবে এনবিআর।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, অ্যাপের মাধ্যমে কর আদায়ের বিষয়টি নিশ্চিত করবেন পরিবেশকেরাই। তারাই এটি ব্যবহার করবেন। তাই ব্যবসায়িক প্রতিনিধিদের মতামত নেওয়া জরুরি। এ জন্য তাদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হবে। তিনি বলেন, শুধু অ্যাপ তৈরি করলেই হবে না, ব্যবসায়ীরা সেটি ব্যবহার না করলে কর আদায় নিশ্চিত করা সম্ভব হবে না।
সংশ্লিষ্টরা জানান, দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন এ ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক খুচরা ব্যবসা অগ্রিম করের আওতায় আসবে। তবে এ উদ্যোগ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, একের পর এক কর ও নিবন্ধনসংক্রান্ত বাধ্যবাধকতার কারণে ব্যবসার পরিচালন ব্যয় বাড়বে। এর প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামের ওপরও পড়তে পারে।
চলতি অর্থবছরের বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যবসায় শনাক্তকরণ নম্বর বা বিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। বিআইএন মূলত ভ্যাট নিবন্ধন নম্বর। ফলে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা বিআইএন ছাড়া ব্যাংক হিসাব খুলতে পারছেন না। এ কারণে অনেকে বাধ্য হয়ে ভ্যাট নিবন্ধন নিচ্ছেন।
এনবিআরের নতুন উদ্যোগের বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরাও অসন্তোষ প্রকাশ করেছেন। শফিকুল ইসলাম নামের এক খুচরা ব্যবসায়ী বলেন, ‘এখন বেচাকেনা নেই। এর ওপর সরকার একের পর এক নিয়মকানুন করছে। এতে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।’
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্নওভার করের আওতায় আনা হচ্ছে। তাঁদের বিআইএন নিতে বাধ্য করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিআইএন না থাকায় ব্যাংকে লেনদেন করতে পারছেন না, এমন অভিযোগও আসছে।
তিনি বলেন, এসব বিষয়ে কথা বললেই ব্যবসায়ীদের নানা ধরনের তকমা দেওয়া হচ্ছে। এখন কেউ কোনো কথা বললে তাঁকেই দোসর বানিয়ে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের লাভ না হলেও টার্নওভার কর দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা অবৈধ উপায়ে আয় করার দিকে ঝুঁকতে পারেন।
নাজমুল হাসান মাহমুদ আরও বলেন, ভ্যাটের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৩৫ লাখ টাকা পর্যন্ত, তাদের ভ্যাট নিবন্ধন বা বিআইএন নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এ বিষয়েও তাঁরা বারবার কথা বলছেন এবং মানববন্ধন করছেন।
তিনি বলেন, খুচরা ব্যবসায়ীরা সাধারণত আমদানিকারক কিংবা উৎপাদনকারীদের কাছ থেকে পণ্য কিনে বিক্রি করেন। তাঁরা নিজেরা সব পণ্য উৎপাদন করেন না। তাই পণ্যের ভ্যাট উৎপাদক বা আমদানিকারক পর্যায়েই আদায় করা হলে খুচরা দোকানদারদের ভ্যাটের হিসাব রাখার জটিলতায় পড়তে হতো না।
ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর ভ্যাটসংক্রান্ত নিয়মকানুনের বাড়তি ব্যয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একজন দোকানদারকে ভ্যাটের হিসাব রাখতে পাঁচটি রেজিস্টার খাতা সংরক্ষণ করতে হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, তার ১০০ বর্গফুটের একটি দোকান রয়েছে। সেখানে নিজে ব্যবসা করার পাশাপাশি দুজন অর্ধশিক্ষিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখন ভ্যাটের হিসাব রাখার জন্য আলাদা লোক নিয়োগ, কম্পিউটার কেনা এবং তার জন্য জায়গার ব্যবস্থা করতে হলে বাড়তি ব্যয় বহন করতে হবে। ওই কর্মীর বেতনও দিতে হবে। এত খরচ বহনের সামর্থ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের নেই।
এদিকে, নতুন এ কর আদায়ের উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হচ্ছে, যখন রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে রয়েছে এনবিআর। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সংস্থাটির রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা।











