সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম
ছবি সংগৃহীত।

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। মাছ ধরার নৌকাগুলোতে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। একইসঙ্গে উপকূলীয় মাছঘাটগুলোতে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা।

তবে নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও স্বস্তি ফিরছে না সাধারণ ক্রেতাদের মধ্যে। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই ইলিশ কেনা এখনো সাধ্যের বাইরে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজনভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে অন্তত পাঁচ আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। ওজন ও প্রতি কেজিতে সংখ্যার ওপর ভিত্তি করেই নির্ধারিত হচ্ছে এসব মাছের দাম।

বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা।

এ ছাড়া তিনটিতে এক কেজি বা কিছুটা বেশি হয়—এমন আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজিদরে। চারটিতে কেজি হয় এমন ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। অন্যদিকে, তুলনামূলক ছোট আকারের পাঁচ থেকে ছয়টিতে কেজি হয় এমন ইলিশ পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।

রাজধানীর মুগদা বাজারের মাছ বিক্রেতা লোকমান জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে আড়তে মাছের দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের।

তিনি বলেন, পাঁচ থেকে ছয়টিতে কেজি হয় এমন ইলিশ তারা আড়ত থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে কেনেন। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

এদিকে, একই বাজারে ইলিশ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি চাকরিজীবী সোলাইমান মন্ডল। তিনি এই প্রতিবেদককে বলেন, সাগরের জেলেরা ভিডিও প্রকাশ করছেন, সেখানে দেখা যাচ্ছে তারা প্রচুর ইলিশ পাচ্ছেন। অথচ বাজারে সেই তুলনায় মাছ পাওয়া যাচ্ছে না। আবার যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও চাওয়া হচ্ছে অনেক বেশি।

সোলাইমান মন্ডলের মতে, ইলিশের বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের উচিত মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করা এবং অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। এসব উদ্যোগ নেওয়া গেলে ইলিশের দামও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর মধ্যরাতে মা ইলিশ সংরক্ষণে আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন জেলেরা।




বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বাড়ল

বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বাড়ল
ছবি সংগৃহীত।

বিদেশে চিকিৎসা ও পড়ালেখার খরচ পাঠানোর পাশাপাশি আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবের নিয়মে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য একবারে ৩০ হাজার ডলার পর্যন্ত পাঠানো যাবে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (সার্কুলার নং-১১) জারি করে অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে গৃহীত সিদ্ধান্তগুলো হলো–

চিকিৎসা খরচ: বিদেশে চিকিৎসার জন্য আগাম অনুমোদন ছাড়া বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা বিদ্যমান ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার (বা সমপরিমাণ অন্য মুদ্রা) করা হয়েছে।

বিদেশে পড়াশোনা: নতুন নিয়মে স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি সমমান) পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগ (ফ্রি এডুকেশন) আছে কি না, তা যাচাই করে ব্যাংকগুলো এ অর্থ ছাড় করতে পারবে।

অনলাইন ও দূরশিক্ষণ (করেসপন্ডেন্স কোর্স): পেশাগত সনদ বা প্রফেশনাল কোর্সের পাশাপাশি এখন থেকে দূরশিক্ষণ বা অনলাইনে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার ফিও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে পাঠানো যাবে।

আরএফসিডি অ্যাকাউন্টে জমার নিয়ম: চিকিৎসা, পড়াশোনা ও ভ্রমণে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুবিধা বাড়ায় এখন থেকে নিবাসী বাংলাদেশিরা বিদেশে গিয়ে সঙ্গে করে আনা বৈদেশিক মুদ্রা কেবল কাস্টমস কর্তৃপক্ষের কাছে ‘ফর্ম এফএমজে’-তে (Form FMJ) ঘোষণা দিলেই তা আরএফসিডি অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।




পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি
ছবি সংগৃহীত।

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মাসিক ৩২ হাজার ১৩১ টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরুর আগে বোর্ডের কাছে এ প্রস্তাবসংবলিত স্মারকলিপি জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ দাবির পক্ষে অবস্থান নিয়েছে।

দুপুর ১২টায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে সভা শুরু হয়। এতে বোর্ডের সব সদস্য উপস্থিত রয়েছেন।

শ্রমিক জোটগুলোর স্মারকলিপিতে জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা বলেন, ‘দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। এই বিপুলসংখ্যক শ্রমিকের জীবনমান, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন।’

তাদের প্রস্তাব অনুযায়ী, ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন নির্ধারণ করতে হবে। কারণ মূল বেতনের অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। দীর্ঘদিন চাকরি করার পরও মূল বেতনের অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া মোট মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা। খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবিও জানানো হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

মজুরি বোর্ডের সামনে ৩৭ হাজার টাকার দাবিতে বিক্ষোভ

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে ন্যূনতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। সোমবার বোর্ডের সভা চলাকালে সংগঠনটির সদস্যরা সড়কে অবস্থান নিয়ে এ দাবি জানান।

শ্রমিক সংগঠনগুলোর পৃথক দাবির মধ্যে ৩২ হাজার ১৩১ ও ৩৭ হাজার টাকার প্রস্তাব নতুন মজুরি নির্ধারণের আলোচনায় শ্রমিকপক্ষের প্রত্যাশার বিষয়টি সামনে এনেছে। এখন মজুরি বোর্ডের আলোচনায় এসব প্রস্তাব কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়। 




অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
ছবি সংগৃহীত।

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম।


কনজুমারস ফোরামের (সিএফ) পক্ষ থেকে সংগৃহীত সেপ্টেম্বর-অক্টোবর মাসের বাজার তথ্যে এ চিত্র দেখা গেছে। রোববার (৮ নভেম্বর) সিএফের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএফের পক্ষ থেকে সরেজমিন তথ্য নিয়ে অক্টোবর মাসে মোট ১৫ ধরনের পণ্যের দাম বেড়েছে। এই ১৫টি পণ্যের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ।

এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। গড়ে মাছের দাম বেড়েছে ১১ দশমিক ৭২ শতাংশ এবং মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরায় বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ।
পেঁয়াজ, রসুন, আদায় বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। 
এ ছাড়া জ্বালানি তেলে বেড়েছে ৬ দশমিক ০২ শতাংশ, চিনিতে বেড়েছে ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্যতেল ও ডালডায় বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ, চালের দাম বেড়েছে গড়ে ২ দশমিক ৬২ শতাংশ, আটা-ময়দায় বেড়েছে ৩ দশমিক ২৫ শতাংশ, ডিমের দাম আবারও বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ, চায়ের দাম বেড়েছে ০ দশমিক ১৪ শতাংশ এবং মাংসের দাম বেড়েছে ০ দশমিক ৩৮ শতাংশ।

অপরদিকে সাতটি পণ্যের মূল্য স্থিতিশীল অবস্থায় আছে। এগুলো হচ্ছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-ট্রুথপেস্ট, চানাচুর-বিস্কুট, নিত্যব্যবহৃত ১১টি ব্র্যান্ডের ওষুধ এবং খাতা কলম। অন্যদিকে দুটি পণ্যের দাম কমেছে, এর মধ্যে শাক-সবজি ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপায় কমেছে ৪ দশমিক ৭৭ শতাংশ।

যশোর, বগুড়া ও রংপুর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন শাক-সবজি বাজারে উঠতে শুরু করেছে। কৃষি পণ্যের উৎপাদনকারীরা বলছে, শাক-সবজি বিক্রি করে তারা উৎপাদন খরচ তুলতে পারছেন না। বগুড়া, রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬-১২ টাকা, মূলা ৬-৮ টাকা, লাউ একটা ৮-১০ টাকা, কলার হালি ৫-৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ঢাকায় বিক্রি হচ্ছে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৩০ টাকা, লাউ ৬০ টাকা ও কাঁচকলার হালি ৪০-৫০ টাকা।

গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। আর অক্টোবর মাসে আরও বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এই হিসাবে গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসেই নিত্যপণ্যের দাম বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।

গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। আর অক্টোবর ২০২৬ মাসে আরও বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এই হিসাবে গত সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬-এই দুই মাসেই নিত্যপণ্যের দাম বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। এভাবে লাগামহীনভাবে পণ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হবে।

সংগঠনটি বলছে, শুধু বেতন ভাতা বাড়ালে চলবে না। এর সঙ্গে শহর-নগরে বাড়ি ও দোকান ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে রাখতে হবে। একইসঙ্গে মাত্রাতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে জনমনে বিরূপ প্রভাব পড়বে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় উপকরণ ব্যয় ক্রয়সীমার মধ্যে রাখতে হবে।

রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মিনাবাজার ও স্বপ্ন সুপার শপ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে উল্লেখিত প্রতিবেদন প্রস্তুত করেছে সিএফ।