ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাত, ফেসবুক লাইভে যুবকের বাঁচার আকুতি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাত, ফেসবুক লাইভে যুবকের বাঁচার আকুতি

ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাত, ফেসবুক লাইভে যুবকের বাঁচার আকুতি
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. বেলাল উদ্দিন নামের এক যুবক। হামলার পর রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত বেলাল উদ্দিন ‘ফটিকছড়ি সংলাপ’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে আসেন বেলাল। লাইভে তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়। এ সময় তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটিয়া এলাকার ‘কসাই শামসু’ নামের এক ব্যক্তির ভাই তাঁকে ছুরিকাঘাত করেছেন।

এ ঘটনায় মো. আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা আদিনগর এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের অভিমত, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগতভাবে মোকাবিলার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে ছুরিকাঘাত করে কাউকে গুরুতর আহত করার অধিকার কারও নেই। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এভাবে ছুরিকাঘাত করার অধিকার কারও নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম জানান, আহত বেলাল উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।




বর্ণাঢ্য জীবনের স্মৃতি রেখে গেলেন শিল্পপতি নাসির উদ্দিন বাহাদুর

বর্ণাঢ্য জীবনের স্মৃতি রেখে গেলেন শিল্পপতি নাসির উদ্দিন বাহাদুর
ছবি সংগৃহীত।

ফটিকছড়ির নানুপুরের কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ নাসির উদ্দিন বাহাদুর আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, “বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমি সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করছি।”

নাসির উদ্দিন বাহাদুরের মৃত্যুতে ফটিকছড়ির নানুপুরসহ স্থানীয় সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বর্ণাঢ্য জীবন:

১৯৫০ সালের ৩০ আগস্ট ফটিকছড়ির পশ্চিম নানুপুরের মান্নান ডাক্তার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাসির উদ্দিন বাহাদুর। তাঁর বাবা আলহাজ আবুল কাসেম ছিলেন পাকিস্তান আমলের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক। তিনি বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ টিম্বার কন্ট্রোল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালেও তিনি আর্থিক সহায়তা করেন। নানুপুরে বিদ্যালয় ও মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

বাবার সেই শিল্পোদ্যোক্তা ও সমাজসেবামূলক ঐতিহ্যের ধারাবাহিকতায় নাসির উদ্দিন বাহাদুরও নিজের কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হন। শিক্ষাজীবনে তিনি ফিরিঙ্গি বাজারের জে. এম. সেন হাই স্কুল থেকে ১৯৬৫ সালে ম্যাট্রিক পাস করেন। সরকারি কমার্স কলেজ থেকে ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ইন্টারমিডিয়েট এবং ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগে তৃতীয় স্থান অধিকার করে স্নাতক (ডিগ্রি) পাস করেন। এ সময় তিনি মেধাবৃত্তিও লাভ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৬২-৬৩ সালে জে. এম. সেন হাই স্কুল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং ১৯৬৪-৬৫ সালে সহসভাপতি নির্বাচিত হন। ১৯৬৬-৬৭ সালে সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক এবং ১৯৬৯-৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি পঞ্চবটি চা-বাগানের স্বত্বাধিকারী ছিলেন। বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পঞ্চবটি আবুল কাশেম বিদ্যালয়, পঞ্চবটি সকিনা-আরা ফোরকানিয়া মাদ্রাসা, আবুল কাশেম জিয়াউল ইসলাম হাফিজিয়া এতিমখানা, পঞ্চবটি ছকিনা-আরা জুনিয়র গার্লস স্কুল, রিলিফ ফর দ্য পুওর অব বাংলাদেশ, আবুল কাশেম ফাউন্ডেশন, আবুল কাশেম স্মৃতি সংসদ এবং ইদিলপুর সুন্দরশাহ জামে মসজিদ।

তিনি পশ্চিম নানুপুর মান্নানীয়া শাহী জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম লায়ন্স ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সিটি গ্রামার স্কুলের আজীবন সদস্য ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম জেলা পরিষদ, মিনিমাম ওয়েজ বোর্ড, লেবার কোর্ট-২ চট্টগ্রাম অঞ্চল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ডিভিশনাল রোড কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা আহমদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসির উদ্দিন বাহাদুর। তাঁর স্ত্রী মধ্যম হালিশহরের ঐতিহ্যবাহী খান সাহেব আবদুল খালেক সওদাগর পরিবারের সদস্য। তাঁদের এক ছেলে ও চার মেয়ে। সন্তানরা উচ্চশিক্ষিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।




নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষার বিকল্প নেই: প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত।

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান রক্ষা করা, হেফাজত করা এবং এগুলোর উন্নয়নে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশ সকলের জন্য। আমরা যারা দ্বীনি ইসলামে বিশ্বাস করি, এ ধরনের প্রতিষ্ঠানকে রক্ষা করা, হেফাজত করা এবং এর সহায়ক হওয়া আমাদের সবার দায়িত্ব।’ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষায় সরকার সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি।

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতি রেজাউল করিম আবরার, আল্লামা গাজী বেলাল উদ্দিন নানুপুরীসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অবসরপ্রাপ্ত) আজিমুল্লাহ বাহার, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। মাহফিলের সমাপনী পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী।




রাউজানে চাঁদা না দিলে মাওলানা ইলিয়াস নুরীকে হত্যার হুমকি

রাউজানে চাঁদা না দিলে মাওলানা ইলিয়াস নুরীকে হত্যার হুমকি
ছবি সংগৃহীত।

রাউজান উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীকে মুঠোফোনে কল করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে চাঁদা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি ও গালিগালাজ করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে একটি মুঠোফোন নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি এ হুমকি দেন। একই দিন সন্ধ্যায় রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা ইলিয়াস নুরী। উল্লেখ্য, তিনি গত সংসদ নির্বাচনে ইসলামী ফ্রন্টের ‘মোমবাতি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে ইলিয়াস নুরীর মুঠোফোনে কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি দলের লোকজনের খরচ চালানোর জন্য চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেন। ওই ব্যক্তি নিজের নাম প্রকাশ না করলেও নিজেকে একজন সন্ত্রাসী হিসেবে পরিচয় দেন।

এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী বলেন, "ওই ব্যক্তি কল ধরার সঙ্গে সঙ্গেই গালিগালাজ শুরু করেন এবং কথামতো চাঁদা না দিলে আমাকে হত্যা করার হুমকি দেন। তাঁর দলের লোকজনের খরচ চালাতেই তিনি মূলত এই চাঁদা দাবি করেছেন।"

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"