বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বাড়ল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বাড়ল

বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা বাড়ল
ছবি সংগৃহীত।

বিদেশে চিকিৎসা ও পড়ালেখার খরচ পাঠানোর পাশাপাশি আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবের নিয়মে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য একবারে ৩০ হাজার ডলার পর্যন্ত পাঠানো যাবে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (সার্কুলার নং-১১) জারি করে অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে গৃহীত সিদ্ধান্তগুলো হলো–

চিকিৎসা খরচ: বিদেশে চিকিৎসার জন্য আগাম অনুমোদন ছাড়া বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা বিদ্যমান ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার মার্কিন ডলার (বা সমপরিমাণ অন্য মুদ্রা) করা হয়েছে।

বিদেশে পড়াশোনা: নতুন নিয়মে স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি সমমান) পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার সুযোগ (ফ্রি এডুকেশন) আছে কি না, তা যাচাই করে ব্যাংকগুলো এ অর্থ ছাড় করতে পারবে।

অনলাইন ও দূরশিক্ষণ (করেসপন্ডেন্স কোর্স): পেশাগত সনদ বা প্রফেশনাল কোর্সের পাশাপাশি এখন থেকে দূরশিক্ষণ বা অনলাইনে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার ফিও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে পাঠানো যাবে।

আরএফসিডি অ্যাকাউন্টে জমার নিয়ম: চিকিৎসা, পড়াশোনা ও ভ্রমণে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুবিধা বাড়ায় এখন থেকে নিবাসী বাংলাদেশিরা বিদেশে গিয়ে সঙ্গে করে আনা বৈদেশিক মুদ্রা কেবল কাস্টমস কর্তৃপক্ষের কাছে ‘ফর্ম এফএমজে’-তে (Form FMJ) ঘোষণা দিলেই তা আরএফসিডি অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।




পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার করার দাবি
ছবি সংগৃহীত।

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মাসিক ৩২ হাজার ১৩১ টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরুর আগে বোর্ডের কাছে এ প্রস্তাবসংবলিত স্মারকলিপি জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ দাবির পক্ষে অবস্থান নিয়েছে।

দুপুর ১২টায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে সভা শুরু হয়। এতে বোর্ডের সব সদস্য উপস্থিত রয়েছেন।

শ্রমিক জোটগুলোর স্মারকলিপিতে জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা বলেন, ‘দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। এই বিপুলসংখ্যক শ্রমিকের জীবনমান, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত এবং নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন।’

তাদের প্রস্তাব অনুযায়ী, ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন নির্ধারণ করতে হবে। কারণ মূল বেতনের অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। দীর্ঘদিন চাকরি করার পরও মূল বেতনের অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া মোট মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা। খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবিও জানানো হয়েছে।

শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় রেখেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

মজুরি বোর্ডের সামনে ৩৭ হাজার টাকার দাবিতে বিক্ষোভ

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে ন্যূনতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। সোমবার বোর্ডের সভা চলাকালে সংগঠনটির সদস্যরা সড়কে অবস্থান নিয়ে এ দাবি জানান।

শ্রমিক সংগঠনগুলোর পৃথক দাবির মধ্যে ৩২ হাজার ১৩১ ও ৩৭ হাজার টাকার প্রস্তাব নতুন মজুরি নির্ধারণের আলোচনায় শ্রমিকপক্ষের প্রত্যাশার বিষয়টি সামনে এনেছে। এখন মজুরি বোর্ডের আলোচনায় এসব প্রস্তাব কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়। 




অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
ছবি সংগৃহীত।

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম।


কনজুমারস ফোরামের (সিএফ) পক্ষ থেকে সংগৃহীত সেপ্টেম্বর-অক্টোবর মাসের বাজার তথ্যে এ চিত্র দেখা গেছে। রোববার (৮ নভেম্বর) সিএফের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএফের পক্ষ থেকে সরেজমিন তথ্য নিয়ে অক্টোবর মাসে মোট ১৫ ধরনের পণ্যের দাম বেড়েছে। এই ১৫টি পণ্যের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ।

এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। গড়ে মাছের দাম বেড়েছে ১১ দশমিক ৭২ শতাংশ এবং মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরায় বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ।
পেঁয়াজ, রসুন, আদায় বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। 
এ ছাড়া জ্বালানি তেলে বেড়েছে ৬ দশমিক ০২ শতাংশ, চিনিতে বেড়েছে ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্যতেল ও ডালডায় বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ, চালের দাম বেড়েছে গড়ে ২ দশমিক ৬২ শতাংশ, আটা-ময়দায় বেড়েছে ৩ দশমিক ২৫ শতাংশ, ডিমের দাম আবারও বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ, চায়ের দাম বেড়েছে ০ দশমিক ১৪ শতাংশ এবং মাংসের দাম বেড়েছে ০ দশমিক ৩৮ শতাংশ।

অপরদিকে সাতটি পণ্যের মূল্য স্থিতিশীল অবস্থায় আছে। এগুলো হচ্ছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-ট্রুথপেস্ট, চানাচুর-বিস্কুট, নিত্যব্যবহৃত ১১টি ব্র্যান্ডের ওষুধ এবং খাতা কলম। অন্যদিকে দুটি পণ্যের দাম কমেছে, এর মধ্যে শাক-সবজি ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপায় কমেছে ৪ দশমিক ৭৭ শতাংশ।

যশোর, বগুড়া ও রংপুর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন শাক-সবজি বাজারে উঠতে শুরু করেছে। কৃষি পণ্যের উৎপাদনকারীরা বলছে, শাক-সবজি বিক্রি করে তারা উৎপাদন খরচ তুলতে পারছেন না। বগুড়া, রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬-১২ টাকা, মূলা ৬-৮ টাকা, লাউ একটা ৮-১০ টাকা, কলার হালি ৫-৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ঢাকায় বিক্রি হচ্ছে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৩০ টাকা, লাউ ৬০ টাকা ও কাঁচকলার হালি ৪০-৫০ টাকা।

গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। আর অক্টোবর মাসে আরও বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এই হিসাবে গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসেই নিত্যপণ্যের দাম বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।

গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। আর অক্টোবর ২০২৬ মাসে আরও বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এই হিসাবে গত সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬-এই দুই মাসেই নিত্যপণ্যের দাম বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। এভাবে লাগামহীনভাবে পণ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হবে।

সংগঠনটি বলছে, শুধু বেতন ভাতা বাড়ালে চলবে না। এর সঙ্গে শহর-নগরে বাড়ি ও দোকান ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে রাখতে হবে। একইসঙ্গে মাত্রাতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে জনমনে বিরূপ প্রভাব পড়বে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় উপকরণ ব্যয় ক্রয়সীমার মধ্যে রাখতে হবে।

রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মিনাবাজার ও স্বপ্ন সুপার শপ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে উল্লেখিত প্রতিবেদন প্রস্তুত করেছে সিএফ।




রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম

রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
ছবি সংগৃহীত।

একদিকে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অন্যদিকে বাড়ছে ডলারের দাম। আমদানি ব্যয় পরিশোধের চাপ এবং বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যাওয়ায় দেশের ডলার বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের পরও ডলারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা থামছে না।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ডলার পরিশোধের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিন শেষে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ নেমেছে ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে।

অথচ আকুর বিল পরিশোধের আগের দিন বুধবার (৪ নভেম্বর) গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এক দিনের ব্যবধানে আকুর দায় পরিশোধের কারণে রিজার্ভ থেকে বড় অঙ্কের ডলার কমে গেছে।

রিজার্ভ কমার পাশাপাশি ডলারের দামও বাড়ছে। বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সায়। আমদানি দায় পরিশোধে ডলারের দাম উঠেছে ১২৪ টাকা ৮০ পয়সায়। অন্যদিকে বুধবার খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৯ টাকা পর্যন্ত। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের তুলনায় খোলাবাজারে প্রতি ডলারে প্রায় ৪ টাকা ২০ পয়সা বেশি দিতে হচ্ছে।

ব্যাংকারদের মতে, জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ব্যয় বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানের আমদানি বিল পরিশোধ এবং রপ্তানি ও প্রবাসী আয় থেকে ডলার আসার তুলনায় চাহিদা বেশি থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে।

রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও চাপ সামলানো যাচ্ছে না

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়াতে সম্প্রতি আবারও রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আরও ১০ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত সপ্তাহে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়েছিল।

তবে বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এসব উদ্যোগে ডলারের দামে বড় ধরনের প্রভাব পড়ছে না। ব্যাংকারদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ৮০ কোটি ডলারের চাহিদার বিপরীতে বাংলাদেশ ব্যাংক সরবরাহ করেছে মাত্র ১২ কোটি ২০ লাখ ডলার।

মঙ্গলবার (৩ নভেম্বর) আরও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম আহ্বান করা হলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। ব্যাংকারদের ধারণা, ব্যাংকগুলোর প্রস্তাবিত দর কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশার চেয়ে বেশি থাকায় ওই নিলামে ডলার বিক্রি করা হয়নি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি বন্ধ রাখা এবং বৈধ পথে প্রবাসী আয় বাড়ায় রিজার্ভে উন্নতি দেখা যায়। চলতি বছরের ২৯ জুন প্রথমবারের মতো গ্রস রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর তা বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। কিন্তু এরপর থেকে রিজার্ভ কমতে শুরু করে।

আমদানি ব্যয় বাড়ায় ডলারের চাহিদা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

এ সময়ে ইপিজেডসহ এফওবি মূল্যে আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে রফতানি আয় বেড়েছে ৭ শতাংশ। রফতানি আয় হয়েছে ১১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে আমদানি ব্যয় ছিল প্রায় ১২ বিলিয়ন ডলার। সেপ্টেম্বরে তা বেড়ে প্রায় ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ এক মাসেই আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার।

তিনি বলেন, আমদানি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রফতানি আয় বাড়েনি। ফলে আমদানি ও রফতানির মধ্যকার ব্যবধান বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্য ও কাঁচামালের দাম বেশি থাকায় আমদানি ব্যয়ও বাড়ছে।

বিশেষ করে জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয় ডলারের বাজারে চাপ তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে জ্বালানি পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ২৫০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ১২৫ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে জ্বালানি আমদানি ব্যয় দ্বিগুণ হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলার বৈদেশিক বিল পরিশোধের চাপও ডলারের চাহিদা বাড়িয়েছে। পাশাপাশি সেপ্টেম্বরে ৮০০ কোটি ডলারের বেশি আমদানি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। একই মাসে এলসি নিষ্পত্তি হয়েছে ৬৫০ কোটি ডলারের বেশি।

রেমিট্যান্স ও রফতানি আয়েও নেই স্বস্তি

দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস রেমিট্যান্স ও রফতানি। এই দুই খাত থেকে আয় এলেও আমদানি ব্যয়ের তুলনায় সরবরাহ যথেষ্ট না হওয়ায় বাজারে ডলারের সংকট তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে ২৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। অক্টোবরে তা বেড়ে ২৮৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে গত কয়েক মাসের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহে কিছুটা মন্থরতা রয়েছে। এর আগে ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিট্যান্সের প্রবাহ আগের তুলনায় কমেছে। রফতানি আয়ও আশানুরূপ নয়। এর সঙ্গে সরকারি এলসির বিল পরিশোধের বাড়তি চাপ রয়েছে। রেমিট্যান্স প্রবাহ কম এবং বৈদেশিক দায় পরিশোধের চাপ বেশি থাকায় ডলারের দাম বাড়ছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চলতি হিসাবের ভারসাম্যেও ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে এ ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৮২১ মিলিয়ন ডলার।

খোলাবাজারে ডলারের দাম ১২৯ টাকা

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও ডলারের দাম বেড়েছে। বুধবার খোলাবাজারে প্রতি ডলার ১২৯ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। অথচ আন্তঃব্যাংক বাজারে ডলারের গড় দর ছিল ১২৪ টাকা ৩৫ পয়সা।

ব্যাংকারদের মতে, বিদেশে চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের জন্য নগদ ডলারের চাহিদাও খোলাবাজারে দামের ওপর প্রভাব ফেলছে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সেখানে ব্যাংকিং চ্যানেলের সঙ্গে দামের ব্যবধান তৈরি হয়েছে।

এদিকে, ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতি ডলার ১২৮ টাকা ১০ পয়সার বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দিয়েছে। এর বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে এরপরও খোলাবাজারে ১২৯ টাকা দরে ডলার বিক্রির তথ্য পাওয়া যাচ্ছে।

সামনে আরও  চাপের আশঙ্কা

অর্থনীতিসংশ্লিষ্টদের মতে, ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য না ফিরলে রিজার্ভ এবং বিনিময় হারের ওপর চাপ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে জ্বালানি আমদানির ব্যয় বেশি থাকলে এবং রেমিট্যান্স ও রফতানি আয় প্রত্যাশা অনুযায়ী না বাড়লে ডলারের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ডলারের দাম বাড়লে আমদানি করা জ্বালানি, ভোজ্যতেল, গম, চিনি, ডাল ও শিল্পের কাঁচামাল কেনার খরচ বেড়ে যায়। আমদানিকারকেরা এই বাড়তি ব্যয় পণ্যের দামে সমন্বয় করলে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরও চাপ পড়ে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্পকারখানার কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্টদের মতে, শুধু রিজার্ভ থেকে ডলার বিক্রি করে দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ানো, রফতানি আয় দেশে ফেরত আনা নিশ্চিত করা, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং জ্বালানি আমদানির ব্যয় ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে বৈদেশিক বিনিয়োগ ও উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোও জরুরি।

কারণ, ডলারের চাহিদা মেটাতে একদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রি হচ্ছে, অন্যদিকে আমদানি দায় পরিশোধে রিজার্ভের ওপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।