মির্জাখীল দরবারশরিফে তিন দিনব্যাপী হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফিনের প্রথম ওরস

চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবারশরিফে আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর ২০২৬ (বুধবার থেকে শুক্রবার) তিন দিনব্যাপী হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফিন সৈয়দ মাওলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.)-এর প্রথম ওরসশরিফ ও ওফাত দিবস পালিত হবে। এ উপলক্ষে আনোয়ারা উপজেলার হাজার হাজার ভক্ত, মুরিদ ও আশেকান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
সিলসিলা-ই-আলিয়া জাহাঙ্গীরিয়ার প্রধান আধ্যাত্মিক কেন্দ্র মির্জাখীল দরবারশরিফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঙ্গীর ইমামুল আরেফিন সৈয়দ মাওলানা ড. মুহাম্মদ মকসুদুর রহমান (ক.)-এর তত্ত্বাবধানে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ওরস উপলক্ষে কোরআন তিলওয়াত, দোয়া মাহফিল, ফাতিহা পাঠ এবং হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফিনের জীবন, সাধনা ও ধর্মীয় অবদান নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে।
মির্জাখীল দরবারশরিফ সিলসিলা-ই-আলিয়া জাহাঙ্গীরিয়ার দীর্ঘ আধ্যাত্মিক ঐতিহ্য ধারণ করে আসছে। এ দরবারে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী পূর্ববর্তী পীর-মাশায়েখদের ওরসশরিফ পালনের পাশাপাশি প্রতিদিন ও প্রতি মাসে নিয়মিত ফাতিহা ও বিভিন্ন ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়। খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ ও সামা মাহফিল এ ধারার উল্লেখযোগ্য আয়োজন।
সিলসিলার পীর-মাশায়েখগণ শরিয়তের অনুশাসন, তরিকতের সাধনা, হাকিকতের উপলব্ধি ও মারেফতের শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধি এবং নৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আসছেন। তাঁদের আধ্যাত্মিক শিক্ষা ও কর্মধারায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা, পীর-মুর্শিদের নির্দেশনা অনুসরণ এবং মানবসেবার আদর্শ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এ ওরসশরিফে দেশ-বিদেশের মুরিদ, ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে দরবারশরিফে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হবে। এ আয়োজনের মধ্য দিয়ে হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফিন (ক.)-এর স্মৃতিচারণের পাশাপাশি তাঁর শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মশুদ্ধির সাধনা এবং মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এ ওরসশরিফের আয়োজন করা হয়েছে।










