সাতকানিয়ায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাজী ফোরকান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০ অক্টোবর চট্টগ্রাম জেলা বিএনপির দিকনির্দেশনায় দলীয় সমর্থন ও কৌশল নির্ধারণে সাতকানিয়া উপজেলার ৮ নং ঢেমশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও সাধারণ মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই ও একক প্রার্থী সমর্থনের লক্ষ্যেই মূলত এই সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা ও উপজেলা বিএনপি মনোনীত শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ ফোরকান।
অনুষ্ঠানস্থলে হাজী মোহাম্মদ ফোরকান তার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সুসংগঠিতভাবে যোগদান করেন। তার আগমন এবং দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের খবরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উল্লাস ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া-পাওয়া এবং ত্যাগীদের সম্মান জানিয়ে যোগ্য প্রার্থীকে সমর্থনের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাজী মোহাম্মদ ফোরকান জানান, ঢেমশা ইউনিয়নের জনগণের সেবা করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে চূড়ান্ত সমর্থন দেয়, তবে তৃণমূলের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢেমশা ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করব।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









