ফটিকছড়িতে জাতীয় যুব দিবস পালিত, ঋণ পেলেন তরুণ উদ্যোক্তারা

চট্টগ্রামের ফটিকছড়িতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি যুবকদের মধ্যে ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের শফিকুন নুর মওলা হলে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মোমেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রব, ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন দে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. মহিন উদ্দিন, যুবদল নেতা প্রিন্স ওমর ফারুক ও সাইফুল হায়দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, উদ্যোক্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর।
আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন, যুব উদ্যোক্তা মোহাম্মদ ইয়াছিন, সাজেদা আনোয়ার ফাউন্ডেশন, জমিদারপাড়া যুব সংঘসহ কয়েকজনের হাতে ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।










