ফটিকছড়ির হেঁয়াকোতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে সুয়াবিলে আটক ৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকায় মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চুরির চেষ্টা চালিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নোহা গাড়ি নিয়ে পাঁচ ব্যক্তি হেঁয়াকো এলাকায় একটি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ধাওয়া দেন। এ সময় ওই ব্যক্তিরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে ধাওয়া করে নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াবিল টেকের দোকান এলাকায় গাড়িসহ তাঁদের আটকে ফেলেন স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম শিমুল (৩২), কুমিল্লার লাকসামের মৃত রফিকের ছেলে সামশু উদ্দিন (৪১), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক (৩২), চাঁদপুরের মতলব দক্ষিণের সিরাজুলের ছেলে ইউনুস (৪২) এবং কুমিল্লার লাকসামের তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩৪)।
খবর পেয়ে উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ভূজপুর থানায় নিয়ে যান।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, “টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা পাঁচজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”









