আলীকদমে বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা আটক, থানায় হস্তান্তর

বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে ৫৭ বিজিবি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ৭ নভেম্বর রাত পৌনে নয়টার দিকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর ২ নম্বর জিপি গেট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ৭ জন রোহিঙ্গার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত শরণার্থী। প্রায় দুই মাস আগে তারা দালাল চক্রের সহায়তায় কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় গিয়ে আশ্রয় নেন এবং সেখানে কাজের সন্ধানে ছিলেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটককৃত ৭ জনের মধ্যে কক্সবাজার জেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৩ জন, ১৭ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ২ জন, ১৮ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ জন এবং ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ জন সদস্য রয়েছেন।
আটককৃত রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ রবিবার ভোর দুইটার দিকে তাদেরকে আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ৫৭ বিজিবি।











