ফটিকছড়ির উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: সরোয়ার আলমগীর এমপি

ফটিকছড়ির চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবারও এক হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে বিএনপি রাজপথে রয়েছে, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি মাঠে বিএনপির চার ইউনিটের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশি চক্রান্ত ও স্বৈরাচারের হাত থেকে দেশ এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়েও যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন। তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ফটিকছড়িতেও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে উত্তরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। ফটিকছড়ির উন্নয়নে রাজপথের পরীক্ষিত নেতা সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এজাহার মিয়া, আবুল কালাম আজাদ, শফিউল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়ি সদর বিবিরহাট এলাকায় একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। জনসভা শেষে ঢাকা থেকে আগত শিল্পী ইতুন বাবু, শিল্পী মৌসুমিসহ একটি দল সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।










