সাতকানিয়ায় ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার মাধ্যমে নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী তাণ্ডব এবং বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবিতে সাতকানিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেরানীহাট হক টাওয়ার চত্বরে গতকাল বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, “আজকের এই প্রতিবাদ সমাবেশ কোনো সরকারের বিরুদ্ধে নয়, এটি সরাসরি খুনি ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তারা নিরীহ মানুষের ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। শুধু তাই নয়, নিথর লাশের ওপর নৃত্য করে তারা বাংলার রাজনীতিতে এক কলঙ্কজনক ও বর্বর অধ্যায় রচনা করেছে।”
তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ দেশের মাটিতে মানবতাবিরোধী এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডব এবং পরবর্তীতে সংঘটিত সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে এ দেশের মাটিতেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বাংলার মানুষ ফ্যাসিবাদের রক্তচক্ষুকে আর ভয় পায় না। ছাত্র-জনতার ঐতিহাসিক রক্তস্রোতের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধী ও খুনির স্থান হতে পারে না। অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তাঁরা।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাকারিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, এ কে এম ফরিদুল আলম, মাওলানা আবুল ফয়েজ, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দিন, আবদুল জলিল, ইব্রাহিম চৌধুরী, কেরানীহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আবদুল মালেকসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।








