চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক বিড়াল মালিক।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী সামশুল আলম বিড়ালটিকে অত্যন্ত যত্নে লালন-পালন করছিলেন। ঘটনার দিন সকালে সামশুল আলম তার পালিত ছাগল বাড়ির পেছনে খালি চারণভূমিতে বেধে দিতে গেলে বিড়ালটি পেছন পেছন চল যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগম পালিত কুকুর তার বিড়ালকে কামর দেয়ার চেষ্টা করলে সামশুল আলম কুকুর টিকে ধাওয়া করে তাড়িয়ে দেন। এতে ফরিজা বেগম ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে নিয়ে এসে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটায়। এতে বিড়ালটি গুরুতর আহত হয়ে মারা যায়। ঘটনার সাথে সাথে বিড়াল টিকে উদ্ধার করে চকরিয়া পশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিড়ালটি কে মৃত ঘোষণা করেন।
বিড়ালের মালিক সামশুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন,সে শুধু একটা বিড়াল ছিল না,ও আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ আর কোনো অবলা প্রাণীর ওপর এমন অত্যাচার করার সাহস না পায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,একটি বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে বাংলাদেশের ‘প্রাণীকল্যাণ আইন,২০১৯’ অনুযায়ী অবলা প্রাণীর ওপর নিষ্ঠুরতা দণ্ডনীয় অপরাধ।










