চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়া থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম, কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কর্মকর্তারা।










