ঈদগড়-ঈদগাঁও সড়কে দিন-দুপুরে দুই দফা ডাকাতি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় এক দিনে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ও দুপুরে পৃথক এ ঘটনায় যাত্রীদের মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় মোহাম্মদ তারেক নামে এক যাত্রী ডাকাতির শিকার হন। তিনি রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, ডাকাতরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
একই দিন দুপুর আড়াইটার দিকে ওই স্থানে আবারও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈদগড় মুক্তি ব্যাংকের অ্যাকাউন্টিং কর্মকর্তা আবদুল হাকিমসহ কয়েকজন ডাকাতের কবলে পড়েন। তাঁদের মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলে জানা গেছে।
একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতির ঘটনায় সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে সকাল ও দুপুরে পরপর এমন ঘটনার খবরে সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।









