রামুতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

কক্সবাজারের রামুতে জমিজমা নিয়ে বিরোধের জেরে নজির আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পুত্রবধু নাতি ও সন্তানদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ অক্টোবর) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গর্জনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজির আহমদ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নজির আহমদের সঙ্গে তাঁর পুত্রবধূ, নাতি ও সন্তানদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, এ ঘটনায় গর্জনিয়াপাড়া এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।









