৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ

৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ
ছবি সংগৃহীত।

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অনুকূলে শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি গ্রুপে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৪ টাকা ধরে) বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ভাতার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৭ লাখ ১২ হাজার টাকা (প্রজ্ঞাপনের হিসাব অনুযায়ী ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা)।

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

নতুন আদেশে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। মিশনের অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে।  গ্রুপ ‘ক’-এর অন্তর্ভুক্ত ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে সরকার। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ ‘ক’-তে রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং, চীন; সিউল, দক্ষিণ কোরিয়া; টোকিও, জাপান; হংকং, চীন; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা, কাতার এবং ইউরোপের ব্রাসেলস, বেলজিয়াম; জেনেভা, সুইজারল্যান্ড; হেগ, নেদারল্যান্ডস; স্টকহোম, সুইডেন; ওয়ারশ, পোল্যান্ড; ভিয়েনা, অস্ট্রিয়া; মিলান, ইতালি; প্যারিস, ফ্রান্স ও মস্কো, রাশিয়ার বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘খ’-এর ৪১টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক—দুই পর্যায়েই একই সীমা নির্ধারণ করেছে সরকার। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার বা ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা শিক্ষাভাতা পাওয়া যাবে।

এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুমের বাংলাদেশ মিশন।

এ ছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, স্পেনের মাদ্রিদ, ইতালির রোম, রোমানিয়ার বুখারেস্ট, তুরস্কের ইস্তাম্বুল ও আংকারা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস, কানাডার অটোয়া ও টরন্টো, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশনও এই গ্রুপে রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনও এই তালিকায় অন্তর্ভুক্ত।

গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার বা ৩৪ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছে সরকার।

এই গ্রুপে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর; হ্যানয়, ভিয়েতনাম; ম্যানিলা, ফিলিপাইন; বন্দরসেরি বেগাওয়ান, ব্রুনাই; দক্ষিণ এশিয়ার চেন্নাই, ভারত ও মালে, মালদ্বীপ; মধ্যপ্রাচ্যের বৈরুত, লেবানন; মানামা, বাহরাইন; কায়রো, মিসর; তেহরান, ইরান; আফ্রিকার নাইরোবি, কেনিয়া; প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; আলজিয়ার্স, আলজেরিয়া; ত্রিপোলি, লিবিয়া; ফ্রিটাউন, সিয়েরা লিওন এবং ইউরোপের এথেন্স, গ্রিস; কোপেনহেগেন, ডেনমার্ক; বার্লিন, জার্মানি ও লিসবন, পর্তুগালের বাংলাদেশ মিশন।

অন্যদিকে গ্রুপ ‘ঘ’-এর নয়টি মিশনে শিক্ষাভাতার সীমা তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ডলার বা ২৫ লাখ ৫৩ হাজার ৮৯০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।

শিক্ষাভাতার অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রজ্ঞাপনে কয়েকটি কঠোর শর্ত বহাল ও যুক্ত করেছে অর্থ বিভাগ। শর্ত অনুযায়ী, সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে ব্যক্তিগতভাবে বহন করার বিদ্যমান ব্যবস্থা বহাল থাকবে। বাকি ৮৫ শতাংশ নির্ধারিত সীমার মধ্যে সরকার শিক্ষাভাতা হিসেবে দেবে। তবে সরকারের দেওয়া ভাতার পরিমাণ কোনোভাবেই সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সিলিং বা সীমা অতিক্রম করতে পারবে না।

একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ কোনো কর্মকর্তা বা কর্মচারীর দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার জন্যই ভাতা প্রযোজ্য হবে।

শিক্ষাভাতার অর্থ কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর নিজস্ব ব্যাংক হিসাবে দেওয়া যাবে না। এই অর্থ ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রদেয় অর্থের সমুদয় অংশ একত্রে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে উপযুক্ত প্রমাণপত্র দাখিল এবং নিজের ব্যক্তিগত অংশ (১৫ শতাংশ) মিশনের নির্ধারিত হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দেওয়ার সাপেক্ষে মিশন কর্তৃপক্ষ সম্পূর্ণ ফি পরিশোধ করতে পারবে।

পাশাপাশি যেসব অ-ইংরেজিভাষী (নন-ইংলিশ স্পিকিং) দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজি ভাষায় পড়াশোনার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী নিজের কর্মস্থলের দেশ বাদ দিয়ে অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করলে তিনি যে বাংলাদেশ মিশনে পদস্থ আছেন, সেই মিশনের অনুমোদিত সীমা অনুযায়ীই শিক্ষাভাতা প্রযোজ্য হবে।




সাড়ে ২৮ হাজার টাকা কমে যে দামে বিক্রি হচ্ছে সোনা

সাড়ে ২৮ হাজার টাকা কমে যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি সংগৃহীত।

দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। টানা ৮ দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ টাকার কাছাকাছি দামে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকার কিছু বেশি দামে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০ নভেম্বর সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।

গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ২৮ হাজার ৫০৮ টাকা।

বাজুস নির্ধারণ করা সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে এক লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি এক হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। 




একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়
ছবি সংগৃহীত।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প ২টি। তবে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে এককভাবে সর্বোচ্চ চারটি প্রকল্পই নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ জেলা জয়পুরহাটের জন্য। এই চার প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সর্বোচ্চ সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর জেলা জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ নতুন প্রকল্প হিসেবে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর মেয়াদে এটি বাস্তবায়িত হবে। পাশাপাশি ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ অনুমোদন দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন’ প্রকল্পটিও অনুমোদন পেয়েছে। ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সারা দেশেই সড়ক অবকাঠামোর বেহাল দশা বিরাজ করছে। তা সত্ত্বেও একটি নির্দিষ্ট জেলাকেই এতটা গুরুত্ব দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় প্রকল্প নেওয়ার প্রবণতা আগেও ছিল। বিগত সরকারের আমলে প্রতি একনেক সভায় সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার নিজ জেলা কুমিল্লায় এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিতেন। একইভাবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল। এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের আগ্রহে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু প্রকল্প অনুমোদন পায়। অন্যদিকে, গত আওয়ামী লীগ সরকারের শেষ একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের এলাকায় ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে মেঘনা-ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়।

অনুমোদিত ১৬টি প্রকল্প হচ্ছে—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এফআরডিআইআরআইডিপি)। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসএসএমএইচআরআইআইপি)। বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (২য় সংশোধন)। দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প হচ্ছে, দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প। জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (১ম পর্যায়) প্রকল্প। মেট্রো ঢাকা প্রকল্প—গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প হচ্ছে, জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ) প্রকল্প।

অন্যান্য মন্ত্রণালয় ও কার্যালয়ের ৩টি প্রকল্প হচ্ছে-কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প।

এ ছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প অন্যতম।




কমেছে সোনা-রুপার দাম

কমেছে সোনা-রুপার দাম
ছবি সংগৃহীত।

তেজাবি সোনা-রুপার দাম কমায় দেশের বাজারে সোনা-রুপার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৭ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। আর ভ্যাটসহ ভালো মানের এক ভরি রুপার দাম ১৭৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

যা আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা।


এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এর আগে গত ১৪ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭৪ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।