হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা ও তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট ও মদনহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে সাত ব্যক্তিকে ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরসভার আনন্দ মনি ঋষি (২৯), ফতেপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নয়ন (২৩) এবং আলীপুর গ্রামের মো. দিদারুল আলম (৪৫)।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী মদনহাটের মেসার্স লাভলী ফার্মেসি, মেসার্স খাজা ফার্মেসি ও মেসার্স জনতা ফার্মেসিকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকার মেসার্স সানজিদা ট্রেডার্সকে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “মাদক সেবন, ওষুধের বাজারে অনিয়ম এবং নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য রাখায় সাতটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা এবং তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”








