হাটহাজারীতে প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা করছে না পরিবহনগুলো, রাস্তায় পড়ে আছে সতর্কতামূলক সাইনবোর্ড

হাটহাজারীতে জনদুর্ভোগ কমাতে এবং যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া কঠোর নির্দেশনা ও সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে একশ্রেণীর অসাধু পরিবহন চালক ও শ্রমিক।
হাটহাজারী বাস স্টেশন মোড়ে স্থাপিত প্রশাসনের একটি সতর্কতামূলক সাইনবোর্ড উপড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐ স্থানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল যাতে স্পষ্টভাবে লেখা ছিল এ স্থানে কোন যানবাহন থামবে না। থামলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সাথে যাত্রীদের অনুরোধ করা হয়েছিল তারা যেন রাস্তায় অপেক্ষা না করে আধুনিক হাসপাতালের সামনে থেকে বাস বা সিএনজিতে ওঠানামা করেন। কিন্তু সরেজমিনে দেখা গেছে, সেই সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ডটি বর্তমানে ভেঙে মাটিতে পড়ে আছে। প্রত্যক্ষদর্শীদের মতে, যত্রতত্র গাড়ি পার্কিং এবং দ্রুত গাড়ি ঘোরানোর সময় কোনো একটি বড় যানবাহনের ধাক্কায় এটি ভেঙে যায়।
সাইনবোর্ডটি অকেজো হয়ে পড়ে থাকায় সেই স্থানে আবারও আগের মতো বিশৃঙ্খলভাবে যানবাহন থামানো হচ্ছে। এতে বাস স্টেশন মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং রোজাদার পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের ভালো উদ্যোগগুলো তদারকির অভাবে ভেস্তে যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টদের বেপরোয়া আচরণের কারণেই সরকারি সম্পদের এমন ক্ষতি হচ্ছে। তারা দ্রুত এই সাইনবোর্ডটি মেরামত করে পুনরায় স্থাপন এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে আশা করছেন সচেতন মহল।









