আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে স্থাপনা ভাঙচুরের অভিযোগ

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ‘দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা’র অধীনে নির্মাণাধীন একটি স্থাপনা ভাঙচুর ও জায়গা জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের ইসলামনগর এলাকার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নির্মাণাধীন একটি স্থাপনায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ছৈয়দুল আলম কুতুবী বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্র ধরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ছৈয়দুল আলম কুতুবী জানান, উপজেলার বারশত ইউনিয়নের ইসলামনগর এলাকায় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দুল আলম কুতুবী তাঁর স্ত্রীর মায়ের কাছ থেকে প্রাপ্ত দানপত্রের মূল সম্পত্তিতে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। কিন্তু এলাকার কিছু স্থানীয় ব্যক্তি শুরু থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপত্তি ও বিরোধিতামূলক আচরণ করে আসছিলেন।
ভুক্তভোগী ছৈয়দুল আলম কুতুবী অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের নামাজের সুবিধার জন্য দানপত্রের সীমানাভুক্ত জায়গায় মসজিদ স্থাপনের কাজ শুরু করলে পূর্বশত্রুতার জেরে রেজাউল করিম (৫০), মো. সিরাজ (৪৫), নুর মোহাম্মদ (৫৫), সুমন (৩০), মো. সাদ্দাম (৪০), সামশু মিয়া (৬৫), মো. তাহের (৪২), মো. বাদশা (১৬), জাহাঙ্গীর (৪০) ও মো. মিজানসহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী কায়দায় টিনের কাঠামোযুক্ত স্থাপনাটি ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়। এ সময় প্রতিবাদ করতে গেলে তাঁর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”










