রাউজানে অতিরিক্ত দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও সার জব্দ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

রাউজানে অতিরিক্ত দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও সার জব্দ

রাউজানে অতিরিক্ত দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও সার জব্দ
ছবি সংগৃহীত।

রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুত ও অতিরিক্ত মূল্যে কৃষকের কাছে বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাটের আরফান সিকদারের দোকানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায়সহ ৯০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে ৫৯ বস্তা টিএসপি, ১০ বস্তা ডিএপি ও ২১ বস্তা এমওপি সার। জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, এনএসআই কর্মকর্তা টিবলু বড়ুয়াসহ রাউজান থানা-পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযান পরিচালনা শেষে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুত ও অতিরিক্ত মূল্যে কৃষকের কাছে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে। কৃত্রিম সারসংকট ও অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, এখন চাষের ভরা মৌসুম চলছে। এই অবস্থায় কিছু ডিলার নামধারী ব্যক্তি সার মজুত করেছেন এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন বলে আমরা খবর পেয়েছি। এই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের বাঁচাতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।




ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার পুলিশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার একটি টংঘরে অভিযান চালায়। এ সময় মোবারককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই টংঘরে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মোবারককে আটক করা হয়। গ্রেপ্তার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, মোবারকের জিম্মা থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোরা (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




ফটিকছড়িতে মেহেদির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ফটিকছড়িতে মেহেদির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে মেহেদির অনুষ্ঠানে জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আয়েশা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আয়েশা ওই এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের সাজসজ্জার জন্য টাঙানো বৈদ্যুতিক আলোকসজ্জার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর আয়েশা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




ফটিকছড়িতে বাবার সঙ্গে জমিতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট শিশু

ফটিকছড়িতে বাবার সঙ্গে জমিতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট শিশু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার সঙ্গে জমিতে চাষাবাদ দেখতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কোরবান আলী ট্রাক্টর নিয়ে চেঙ্গরবিল এলাকায় জমি চাষ করতে যান। এ সময় ছেলে ত্বহাও বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা ট্রাক্টর থেকে পড়ে যায়। পরে ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন বলেন, “শিশুটি বাবার সঙ্গে জমিতে গিয়েছিল। হঠাৎ ট্রাক্টরের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।”

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।