ফটিকছড়ির নানুপুরের কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ নাসির উদ্দিন বাহাদুর আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, “বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমি সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করছি।”
নাসির উদ্দিন বাহাদুরের মৃত্যুতে ফটিকছড়ির নানুপুরসহ স্থানীয় সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
বর্ণাঢ্য জীবন:
১৯৫০ সালের ৩০ আগস্ট ফটিকছড়ির পশ্চিম নানুপুরের মান্নান ডাক্তার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাসির উদ্দিন বাহাদুর। তাঁর বাবা আলহাজ আবুল কাসেম ছিলেন পাকিস্তান আমলের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক। তিনি বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ টিম্বার কন্ট্রোল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালেও তিনি আর্থিক সহায়তা করেন। নানুপুরে বিদ্যালয় ও মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
বাবার সেই শিল্পোদ্যোক্তা ও সমাজসেবামূলক ঐতিহ্যের ধারাবাহিকতায় নাসির উদ্দিন বাহাদুরও নিজের কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হন। শিক্ষাজীবনে তিনি ফিরিঙ্গি বাজারের জে. এম. সেন হাই স্কুল থেকে ১৯৬৫ সালে ম্যাট্রিক পাস করেন। সরকারি কমার্স কলেজ থেকে ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ইন্টারমিডিয়েট এবং ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগে তৃতীয় স্থান অধিকার করে স্নাতক (ডিগ্রি) পাস করেন। এ সময় তিনি মেধাবৃত্তিও লাভ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৬২-৬৩ সালে জে. এম. সেন হাই স্কুল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং ১৯৬৪-৬৫ সালে সহসভাপতি নির্বাচিত হন। ১৯৬৬-৬৭ সালে সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক এবং ১৯৬৯-৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি পঞ্চবটি চা-বাগানের স্বত্বাধিকারী ছিলেন। বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পঞ্চবটি আবুল কাশেম বিদ্যালয়, পঞ্চবটি সকিনা-আরা ফোরকানিয়া মাদ্রাসা, আবুল কাশেম জিয়াউল ইসলাম হাফিজিয়া এতিমখানা, পঞ্চবটি ছকিনা-আরা জুনিয়র গার্লস স্কুল, রিলিফ ফর দ্য পুওর অব বাংলাদেশ, আবুল কাশেম ফাউন্ডেশন, আবুল কাশেম স্মৃতি সংসদ এবং ইদিলপুর সুন্দরশাহ জামে মসজিদ।
তিনি পশ্চিম নানুপুর মান্নানীয়া শাহী জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম লায়ন্স ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সিটি গ্রামার স্কুলের আজীবন সদস্য ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম জেলা পরিষদ, মিনিমাম ওয়েজ বোর্ড, লেবার কোর্ট-২ চট্টগ্রাম অঞ্চল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ডিভিশনাল রোড কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা আহমদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসির উদ্দিন বাহাদুর। তাঁর স্ত্রী মধ্যম হালিশহরের ঐতিহ্যবাহী খান সাহেব আবদুল খালেক সওদাগর পরিবারের সদস্য। তাঁদের এক ছেলে ও চার মেয়ে। সন্তানরা উচ্চশিক্ষিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।