রাউজানে চাঁদা না দিলে মাওলানা ইলিয়াস নুরীকে হত্যার হুমকি

রাউজান উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীকে মুঠোফোনে কল করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে চাঁদা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি ও গালিগালাজ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে একটি মুঠোফোন নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি এ হুমকি দেন। একই দিন সন্ধ্যায় রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা ইলিয়াস নুরী। উল্লেখ্য, তিনি গত সংসদ নির্বাচনে ইসলামী ফ্রন্টের ‘মোমবাতি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে ইলিয়াস নুরীর মুঠোফোনে কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি দলের লোকজনের খরচ চালানোর জন্য চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেন। ওই ব্যক্তি নিজের নাম প্রকাশ না করলেও নিজেকে একজন সন্ত্রাসী হিসেবে পরিচয় দেন।
এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী বলেন, "ওই ব্যক্তি কল ধরার সঙ্গে সঙ্গেই গালিগালাজ শুরু করেন এবং কথামতো চাঁদা না দিলে আমাকে হত্যা করার হুমকি দেন। তাঁর দলের লোকজনের খরচ চালাতেই তিনি মূলত এই চাঁদা দাবি করেছেন।"
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"










