পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে আগুন, আতঙ্কে নারী অজ্ঞান

পটিয়া পৌরসদরের ছন্দা সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি কুলিং কর্নারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে এবং বিস্ফোরণের আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে পটিয়া সদরের ছন্দা সড়কে সোনালী ব্যাংকের নিচে অবস্থিত ‘আল মারুয়া কুলিং কর্নার’-এ এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের শিখা দেখে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দোকানের ভেতরে থাকা কেউ হতাহত না হলেও আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া নিউরন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাশেজ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে জানানো হবে।
এদিকে শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দোকানে গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মিত অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করার দাবি জানিয়েছেন সচেতন মহল।











