আনোয়ারায় ট্রাক মালিক সমিতির অফিস উদ্বোধন ঘিরে দুই পক্ষের মারামারি
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির অফিস উদ্বোধন ঘিরে দুই পক্ষের মারামারি

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির অফিস উদ্বোধন ঘিরে দুই পক্ষের মারামারি
আনোয়ারায় ট্রাক মালিক সমিতির দুই পক্ষের মারামারি

আনোয়ারায় ‘বন্দর-আনোয়ারা-পশ্চিম পটিয়া ট্রাক মালিক সমিতি’র অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টারসংলগ্ন শাহাদত নগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শাহাদত নগর এলাকায় সংগঠনটির অফিস উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকেই চালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে দুপুর ২টার দিকে উভয় পক্ষ মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্ণফুলী থানা ও বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে বিকেল ৫টার দিকে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অফিসের উদ্বোধন ও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।

মারামারির বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম বলেন, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




সাত দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সাত দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিহত মিফতাহুল জান্নাত

নগরীর সিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.৫০ পান মিফতাহুল জান্নাত (২১)। স্নাতকে ভর্তির জন্য একই কলেজে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হন তিনি। বের হওয়ার পর উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক লাইফ সাপোর্টে পাঠান। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার (২৩ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান মিফতাহুল জান্নাত।

মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তবে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়ির নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।

এর আগে গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

মিফতাহুল জান্নাতের মামা হারুনুর রশিদ জানান, মিফতাহুল জান্নাত নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকালে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি ঘর থেকে বের হন। সড়ক পারাপারের সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোরে আমার ভাগনি মারা যায়।

তিনি আরও বলেন, আমার ভাগনি সাত দিন লাইফ সাপোর্টে ছিল, কিন্তু দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একবারও খোঁজ নেয়নি। হাসপাতালে আমাদের সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। ভাগনির বাবাও নেই। আজ সোমবার আসরের নামাজের পর নিজবাড়ি পটিয়ায় জানাজা শেষে বাবার পাশে তাকে দাফন করা হবে।

এদিকে পিতৃহীন মিফতাহুল জান্নাতকে হারিয়ে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মা রিজিয়া বেগমের কান্না থামছেই না; তাঁকে সান্ত্বনা দিতে পারছেন না কেউ। বারবার মেয়ের কথা বলে জ্ঞান হারাচ্ছেন তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর আহতের পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ

আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ
ছবি সংগৃহীত।

আনোয়ারায় পুকুরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ দেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয়রা। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুরে মরদেহটি দেখতে পান তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দোকানে যাওয়ার পথে পুকুরে মরদেহটি ভাসতে দেখেন তাঁরা। তাঁদের দাবি, আগের দিন পুকুরের পাশে এক ভারসাম্যহীন নারীকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। মরদেহটি ওই নারীর হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কেউ কেউ। তবে এখনো মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, সকালে পরৈকোড়া এলাকায় একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পাওয়ার খবর জানালে আমরা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠাই। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।




গোপালগঞ্জে আন্দোলনকারী বাঁশখালীতে গ্রেপ্তার

গোপালগঞ্জে আন্দোলনকারী বাঁশখালীতে গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

গোপালগঞ্জে আন্দোলনে অংশ নিয়ে নিজ এলাকায় ফেরার পর বাঁশখালীর ছাত্রলীগ নেতা আবদুল করিম ভূতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল আলীর ছেলে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে আন্দোলন শেষে নিজ এলাকায় ফেরেন আবদুল করিম। পরে ওই দিন সন্ধ্যায় সরল ইউনিয়নের সরল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।