লামায় প্রসবোত্তর রক্তক্ষরণ ব্যবস্থাপনা বিষয়ক পিপিএইচ-ড্রিল অনুশীলন অনুষ্ঠিত

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং প্রসূতি মায়েদের জরুরি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবোত্তর রক্তক্ষরণ ব্যবস্থাপনা (পোস্টপার্টাম হেমোরেজ বা পিপিএইচ ড্রিল) বিষয়ক হাতে-কলমে অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে বেসরকারি সংস্থা জেএসআই ও গ্রিন হিলের এমআইএইচআর প্রকল্প এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল সভাকক্ষে উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমদ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ইউসুফ ও ডা. কাউসার মাহমুদ ইকরাম, এমআইএইচআর প্রকল্পের ডা. সংথম ম্রো এবং গ্রিন হিলের জেলা প্রকল্প সমন্বয়ক সিমন আমলাই বম ও ডা. জনি চাকমা। এ ছাড়া কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং প্রকল্পের উপজেলা সমন্বয়ক মংছিংপ্রু মারমা অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে প্রসবোত্তর রক্তক্ষরণ প্রতিরোধ ও ব্যবস্থাপনার ওপর মূল আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ইউসুফ। পরে হাসপাতালটির লেবার রুমে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের অংশগ্রহণে বাস্তবভিত্তিক মহড়া (পিপিএইচ ড্রিল) পরিচালনা করা হয়।




