এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৩-এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট (সনদ) প্রদান ও ম্রো শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় লামা প্রেসক্লাব কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশের ১৪২ নম্বর ক্লাব হিসেবে এ চার্টার সার্টিফিকেট লাভ করে সংগঠনটি। বান্দরবান জেলার লামা উপজেলায় সমাজের মুক্তচিন্তার মানুষদের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২২ সালের ২৯ ডিসেম্বর ক্লাবটি গঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ স্বীকৃতিপ্রাপ্ত ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. তৈয়ব আলীর হাতে চার্টার সার্টিফিকেট তুলে দেন। এ সময় দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহ দিতে জাতীয় সভাপতি নাসিম আহমেদের উদ্যোগে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপেক্সিয়ান মো. কামাল পাশা, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলী এবং এনইএস এপেক্সিয়ান মোজাম্মেল হক।
অনুষ্ঠানে জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ এপেক্স ক্লাব অব লামার বোর্ড কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং তাঁদের ২০২৬ বর্ষের জাতীয় সভাপতির লোগো সংবলিত পিন পরিয়ে দেন। এ সময় স্পন্সর ক্লাব 'এপেক্স ক্লাব অব চকরিয়ার' সাবেক সভাপতি এপেক্সিয়ান সাইদুল হক চৌধুরী নতুন ক্লাবটির ১১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন, মো. আরাফাত চৌধুরী, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাব্বত আলী, এপেক্স ক্লাব অব লামার ফাউন্ডার প্রেসিডেন্ট এম. বশিরুল আলম এবং এপেক্সিয়ান মো. সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এপেক্স ক্লাব অব লামার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।










