দীর্ঘ প্রতীক্ষার অবসান: বান্দরবানের ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম যাজক হলেন সাধুমনি ফ্রান্সিস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বান্দরবানের ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম যাজক হলেন সাধুমনি ফ্রান্সিস

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বান্দরবানের ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম যাজক হলেন সাধুমনি ফ্রান্সিস
ছবি সংগৃহীত।

দীর্ঘ প্রতীক্ষা, প্রার্থনা ও সাধনার পর অবশেষে স্বপ্ন পূরণ হলো বান্দরবান জেলার খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরা জনগোষ্ঠীর। পাহাড়ের দুর্গম জনপদ রুমা উপজেলার কালেহা পাড়ার সন্তান সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরা যাজক হিসেবে অভিষিক্ত হয়েছেন। তাঁর এই অভিষেক শুধু একজন ব্যক্তির ধর্মীয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা নয়, বরং বান্দরবান জেলার ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গত ৫ থেকে ৭ নভেম্বর তিন দিনব্যাপী নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে নিবেদিতা কুমারী মারীয়া ধর্মপল্লীতে এ ঐতিহাসিক আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম দিন ৫ নভেম্বর থানচির শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী থেকে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার মাধ্যমে নবীন যাজক সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরাকে বলিপাড়া মিশনে নিয়ে আসা হলে সেখানে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী আয়োজনের গরাইয়া নৃত্যের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় পবিত্র ঘণ্টা প্রার্থনা, মঙ্গলানুষ্ঠান ও বিশেষ আশীর্বাদ অনুষ্ঠিত হয়।

৬ নভেম্বর ছিল বহুল প্রতীক্ষিত মূল অভিষেক অনুষ্ঠান। চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি নবীন ডিকন সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরাকে যাজক হিসেবে অভিষেক ও আশীর্বাদ প্রদান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পবিত্র প্রার্থনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি যাজকীয় জীবনের দায়িত্ব গ্রহণ করেন। পরে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেষ দিন ৭ নভেম্বর ধন্যবাদের খ্রিষ্টযাগ ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নবীন যাজককে আবারও সংবর্ধনা জানানো হয়। কেবল ব্যক্তিগত অর্জন নয়, একটি জনগোষ্ঠীর গর্ব, পাহাড়ের দুর্গম জনপদে বেড়ে ওঠা একজন ত্রিপুরা তরुণের যাজক হয়ে ওঠার এই যাত্রা স্থানীয় জনগোষ্ঠীর কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, তাঁর এই অর্जनের মধ্য দিয়ে বান্দরবান জেলার ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায় প্রথমবারের মতো নিজেদের জনগোষ্ঠীর একজন যাজক পেল।

পরিবারের জন্যও এ অর্জন আবেগের ও গর্বের। জানা যায়, ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতা ও অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছেন সাধুমনি ফ্রান্সিস। বাবাকে হারানোর পর জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও তাঁর ধর্মীয় জীবনের স্বপ্ন ও সাধনা থেমে থাকেনি। দীর্ঘ পথচলা, অধ্যবসায়, উচ্চশিক্ষার, ধর্মীয় শিক্ষা ও সাধনার মধ্য দিয়ে আজ তিনি যাজকীয় অভিষেকের গৌরব অর্জন করেছেন।

তাঁর এই অর্জনকে ঘিরে শুধু পরিবার নয়, বলিপাড়া, থানচি-রুমা এবং জেলার বিভিন্ন এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। অনেকের কাছে এটি বহুদিনের প্রত্যাশা পূরণের মাহেন্দ্রক্ষণ।

নবীন যাজকের অঙ্গীকার: মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই

অভিষেক-পরবর্তী সংবর্ধনায় নব-অভিষিক্ত ফাদার সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরা আবেগাপ্লুত কণ্ঠে সৃষ্টিকর্তা, ধর্মীয় কর্তৃপক্ষ, পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “মানবসেবা, সত্যের পথে অবিচল থাকা এবং দুর্গম পাহাড়ি এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক কল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমার জীবনের প্রধান ব্রত। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আজীবন কাজ করে যেতে চাই। এই নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার আশীর্বাদ কামনা করছি।”

মাতৃভাষায় ধর্মীয় শিক্ষা ও নতুন সম্ভাবনা

অনুষ্ঠানে প্রধান অভিষেককারী চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি বলেন, দীর্ঘ ত্যাগ ও সাধনার পর থানচির মতো দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে একজন যাজক পাওয়া পুরো অঞ্চলের জন্য বিরাট আশীর্বাদ। নব-অভিষিক্ত ফাদার সাধুমনি ফ্রান্সিসের মাধ্যমে বাংলা ভাষার পাশাপাশি ত্রিপুরা জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় খ্রিষ্টধর্মের বাণী প্রচার ও ধর্মীয় শিক্ষা প্রদান আরও সহজ হবে। এতে স্থানীয় জনগোষ্ঠীর আধ্যাত্মিক বিকাশ ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে সম্প্রীতির মিলনমেলা

তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ফাদার, ব্রাদার, সিস্টার, ধর্মীয় নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন এলাকার খ্রিষ্টভক্ত, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বলিপাড়া মিশন এলাকা পরিণত হয় আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির মিলনমেলায়। ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনও এ আয়োজনের মধ্য দিয়ে আরও দৃঢ় হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরার এই অর্জন পাহাড়ের নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সমাজসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে। তাঁর যাজকীয় জীবন শুধু ধর্মীয় দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সব মিলিয়ে তিন দিনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বান্দরবান জেলার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম যাজক অভিষেক অনুষ্ঠান। সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরার এই অভিষেক বলিপাড়ার ইতিহাসে যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি পাহাড়ের ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের আগামী দিনের পথচলায় হয়ে থাকবে অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত।




আলীকদমে সন্দেহজনক ঘোরাফেরা, বিজিবির হাতে আটক ৭ রোহিঙ্গা শরণার্থী

আলীকদমে সন্দেহজনক ঘোরাফেরা, বিজিবির হাতে আটক ৭ রোহিঙ্গা শরণার্থী
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদমে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সাতজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানায়, গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে ব্যাটালিয়নের ২ নম্বর জিপি গেট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আনুমানিক দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে তাঁরা কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান নেন।

আটক ব্যক্তিদের মধ্যে ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পের তিনজন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন ও ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।

পরে আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ২টায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি (নম্বর-২১/২০২৬) প্রকাশ করা হয়েছে।




বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি সংগৃহীত।

বোয়ালখালীতে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই মিছিলের ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসিম আল ইমন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ওই ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম।’

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা রোডের মুরাদ মুন্সির হাট এলাকায় এই মিছিলটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। এ সময় তাঁরা শেখ হাসিনার প্রত্যাবর্তন ও জামায়াত-শিবিরবিরোধীসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ফেসবুকে মিছিলের ভিডিওটি আমরা দেখেছি, তবে এটি ঠিক কোথায় হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে।’




আলীকদমে বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা আটক, থানায় হস্তান্তর

আলীকদমে বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা আটক, থানায় হস্তান্তর
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে ৫৭ বিজিবি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গত ৭ নভেম্বর রাত পৌনে নয়টার দিকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর ২ নম্বর জিপি গেট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ৭ জন রোহিঙ্গার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত শরণার্থী। প্রায় দুই মাস আগে তারা দালাল চক্রের সহায়তায় কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় গিয়ে আশ্রয় নেন এবং সেখানে কাজের সন্ধানে ছিলেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটককৃত ৭ জনের মধ্যে কক্সবাজার জেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৩ জন, ১৭ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ২ জন, ১৮ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ জন এবং ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১ জন সদস্য রয়েছেন।

আটককৃত রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ রবিবার ভোর দুইটার দিকে তাদেরকে আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ৫৭ বিজিবি।