তারেক- এরদোয়ানের বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

তারেক- এরদোয়ানের বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

তারেক- এরদোয়ানের বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক
ছবি সংগৃহীত।

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা। বিশেষ গুরুত্ব পায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিস্তারের পাশাপাশি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জ্বালানি ও খনিজ সম্পদে অংশীদারত্ব

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন কামনা

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।




কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আয়োজিত বিশ্বমঞ্চের এই সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তিনি অংশ নিচ্ছেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী আনতালিয়ার সম্মেলনস্থলে এসে পৌঁছান।

এই জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জলবায়ু গবেষক এবং বৈশ্বিক নানা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সমবেত হয়েছেন। সম্মেলন চলাকালে মূল কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার তুরস্কের দোয়েনকৃত সমুদ্রসৈকত শহর আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক এই সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।




বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
ছবি সংগৃহীত।

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মনে করে, যেকোনো দেশে সব রাজনৈতিক দল ও তাদের নেতাদের রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার অবাধ সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন,  আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তার সমর্থকেরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

উত্তরে জাতিসংঘের মহাসবিচের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, এই নির্দিষ্ট বিষয়ে আমার নতুন করে কোনো মন্তব্য নেই। তবে এটা সুস্পষ্ট যে, আমাদের তথ্যসন্ধানী মিশন কর্তৃক চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোসহ বাংলাদেশে সংঘটিত সমস্ত অপরাধের সঠিক জবাবদিহিতা দেখতে চাই আমরা। এর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের এতে অংশগ্রহণ করার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া এই সহিংসতায় কয়েক হাজার মানুষ আহত হন।  




আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
ছবি সংগৃহীত।

দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। একই সাথে এই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে একজনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, গত সাত মাস ধরে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

নাহিদ ইসলাম আরও প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন। আমাদের প্রশ্ন—এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে?

তিনি জানান, সংসদ সদস্যরা আশা করেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন কিংবা অন্তত একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশের এই সামগ্রিক উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার ঠিক কী ব্যবস্থা নিচ্ছে—আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সাথে কূটনৈতিক পদক্ষেপে সরকারের এই ব্যর্থতার বিষয়ে আমরা স্পষ্ট জবাবদিহি আশা করছি।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ঠিক কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে অবিলম্বে স্পষ্ট করা প্রয়োজন।