আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
ছবি সংগৃহীত।

দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। একই সাথে এই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে একজনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, গত সাত মাস ধরে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

নাহিদ ইসলাম আরও প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন। আমাদের প্রশ্ন—এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে?

তিনি জানান, সংসদ সদস্যরা আশা করেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন কিংবা অন্তত একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশের এই সামগ্রিক উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার ঠিক কী ব্যবস্থা নিচ্ছে—আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সাথে কূটনৈতিক পদক্ষেপে সরকারের এই ব্যর্থতার বিষয়ে আমরা স্পষ্ট জবাবদিহি আশা করছি।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ঠিক কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে অবিলম্বে স্পষ্ট করা প্রয়োজন।




জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১৮৮৩ মামলা: সংসদে আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১৮৮৩ মামলা: সংসদে আইনমন্ত্রী
ছবি সংগৃহীত।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৮০৫টি এবং অন্যান্য ধারার অধীনে মামলা হয়েছে ১ হাজার ৭৮টি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত এক প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করছিলেন।

আইনমন্ত্রী বলেন, এর মধ্যে ২৯৩টি মামলায় (হত্যা মামলা ৯৮টি এবং অন্যান্য মামলা ১৯৫টি) তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। অন্যদিকে, ঘটনার সত্যতা থাকলেও ঘটনাস্থল-সংক্রান্ত জটিলতায় সঠিক থানায় মামলা না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদী পৃথক মামলা করায় ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই বিপুলসংখ্যক মামলার তদন্ত প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি মামলার তদন্তে প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভুক্তভোগীদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়। এছাড়া এসব মামলা যথাযথভাবে পরিচালনা ও দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অগ্রগতির বিষয় নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত তথ্যে আইনমন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৭৯টি মামলা দায়ের বা রুজু করা হয়েছে। এর মধ্যে ৮টি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এবং রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচার পর্যায়ে এবং ৪৫টি তদন্ত পর্যায়ে রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার প্রদানে বর্তমান সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যারা নিরীহ মানুষ হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন কিংবা পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।




দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত।

রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সাথে তাদের সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে। উসকানি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন, যেন উৎপাদন ও রপ্তানি কোনোভাবেই ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সাথে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া ডেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সাথে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির রাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, দেশজুড়ে ককটেল ছোঁড়া বা অরাজকতার চেষ্টাকারীদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্তের ওপার বা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের সমস্ত তথ্যপ্রমাণ সরকারের কাছে রয়েছে এবং প্রয়োজনে উপযুক্ত সময়ে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। সরকার দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান মন্ত্রী।




মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
ছবি সংগৃহীত।

বিগত ১৭ বছরে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি। দেশের শিক্ষাব্যবস্থাকে বিদ্যমান অবস্থা থেকে বের করে আনতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাব্যবস্থা বিভিন্ন ধারায় বিভক্ত। শিক্ষার সুযোগ, মান ও অর্জিত দক্ষতার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য রয়েছে। এসব বৈষম্যের গ্রহণযোগ্য সমাধান জরুরি। বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না।

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি কর্মজগতের প্রচলিত ধারণা বদলে দিচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা নিয়ে কাজ করা হচ্ছে, কয়েক বছর পর সেই কাজের জন্য সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। এ বাস্তবতায় শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। প্রতিনিয়ত নতুন কিছু শেখার মানসিকতা, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একইসঙ্গে এটি অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রকে অনেক মূল্য দিতে হয়েছে। তাই দেশ ও পরিবার তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। একজন স্নাতকের সাফল্যের প্রকৃত মূল্যায়ন শুধু ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, তার ওপর নির্ভর করে। শিক্ষার্থীদের সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং সততা ও নৈতিকতা সমুন্নত রাখতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।