রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রামুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপিসহ অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি সংগৃহীত।

আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারের রামু উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামু উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রামু উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং নানা ধরনের নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও গণতন্ত্র সুরক্ষায় তাদের এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে। নেতাকর্মীদের সব সময় সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, দেশের শান্তি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




টেকনাফে যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য আহত

টেকনাফে যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য আহত
ছবি সংগৃহীত।

কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নানাভাবে অপচেষ্টা করছে। গত কয়েকদিন ধরে ঝটিকা মিছিল, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সর্বশেষ বুধবার (১১ নভেম্বর) টেকনাফে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলায় টেকনাফ মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) জাফর গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার শহরসহ জেলার অন্তত সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের কলাতলী, নিউ মার্কেট, কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড, ঝিলংজার খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁওয়ের মাইজপাড়া স্কুল ফটক এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে টেকনাফের একটি সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার খবর পাওয়া যায়। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান সাংবাদিকদের জানান, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।

এদিকে চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই যুবককে এ কাজ করতে দেখা যায়। পরে প্রশাসনের উদ্যোগে তালা ও ব্যানার অপসারণ করা হয়।

টেকনাফে সর্বশেষ সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাধিক স্থানে বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় জেলার জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য ভাতৃপ্রতীম সংগঠনের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, এনসিপি ও তাদের অন্যান্য সংগঠন মিছিল-সমাবেশ ও শোডাউন করেছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানে নাশকতা প্রতিরোধী নানা কর্মসূচী পালন করেছে। সর্বশেষ ১০ নভেম্বর গভীর রাতে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা কক্সবাজার শহরে যৌথ শোডাউন করেছে। মোটরসাইকেল যোগে তারা পুরো শহর শোডাউন করেন। এসময় তাদের বলতে শোনা যায়, ‘লীগের খোঁজ চলছে’!

এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের লোকজন দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ডিসেম্বরে তাদের আপা শেখ হাসিনা দেশে আসার মিথ্যা আশ্বাসে তারা পাগল হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছে। গভীর নামসর্বস্ব মিছিল করছে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা আমরা কঠোরভাবে দমন করবো। তাদের কখনো মাঠে নামতে দেবো না।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জেলা সদস্য সচিব ওমর ফারুক বলেন, ‘জুলাইযোদ্ধা ও জুলাই সারথীরা বেঁচে থাকতে শেখ হাসিনা দেশে ঢুকতে পারবে না। নাশকতা সৃষ্টির অপচেষ্টাকারীদের আমরা কঠোরভাবে দমন করবো। মানুষেন জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে লীগ ঠেকাতে আমরা মাঠে আছি।’

নাশকতা ঠেকানো প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে সজাগ রয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান জোরদার রয়েছে। কোনো নাশকতা সৃষ্টিকারীকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’




কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি, জানে না শ্রম দপ্তর

কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি, জানে না শ্রম দপ্তর
ছবি সংগৃহীত।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং:২১২৯) এর সদ্য প্রকাশিত জেলা কমিটি ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। 
অভিযোগ উঠেছে, ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির বিভিন্ন পদে যাদেরকে দেখানো হয়েছে তাদের সম্পর্কে কিছুই জানেন না নির্বাচন কমিশন। 
নির্বাচন অনুমোদনকারী প্রতিষ্ঠান শ্রম দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সম্পর্কে অবগত নন।
শ্রম দপ্তর অনুমোদিত জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন জানান, উচ্চ আদালতে রায়ের আলোকে তাদের কমিটির নেতৃবৃন্দ কার্যক্রম পরিচালনা করছেন। এ সম্পর্কে শ্রম দপ্তরের সংশ্লিষ্ট সবাই অবগত আছেন। কর্তৃপক্ষের অনুমোদনের বাইরে কারো কমিটি করার আইনগত বৈধতা নাই। 
বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত নিজের সূত্রে জানা গেছে, কমিটিতে মো. সাইফুল ইসলাম সাফু সভাপতি, মুহাম্মদ আব্দুল্লাহ আল সিদ্দিকী কার্যকরী সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়। 
এ বিষয়ে ঘোষিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম সাফুর বক্তব্য জানতে চাইলে নিয়ম মেনে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন।
শ্রম দপ্তরের মামলা চালমান অবস্থায় নির্বাচন প্রক্রিয়া কিংবা কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক দাবিদার হুমায়ুন কবির বলেন, কমিটির অনুমোদন, বৈধতা সম্পর্কে কয়েকদিনের মধ্যে বিস্তারিত জানানো হবে। তখন আপনারা পাবেন। 
এদিকে, নির্বাচনী ফলাফল সংক্রান্ত একটি তালিকা প্রতিবেদকের হাতে আসে। ওখানে নির্বাচন উপপরিষদের প্রধান নির্বাচন কমিশন হিসেবে উল্লেখ আছে ইমাম খালেদ স্বপন। তালিকায় তার নামে সিল থাকলেও স্বাক্ষর নেই।
রাজীব পাল খোকন, সানাউল্লাহ, আব্দুল মালেক 'নির্বাচন উপপরিষদের সদস্য' উল্লেখ থাকলেও কারো স্বাক্ষর দেখা যায় নি। শুধুমাত্র শাহজাহান নামক এক সদস্যের স্বাক্ষর আছে। 
নির্বাচন কমিশনের ৫ সদস্যের মধ্যে চার জনের স্বাক্ষর থাকার বিষয়টি যাচাই করার কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে তারা কেউ অবগত নয় বলে জানান।
ইমাম খালেদ স্বপন বলেন, নির্বাচন পরিচালনায় আমাকে রাখার বিষয়টি অবগত নই। আইনগত নির্বাচন প্রক্রিয়া অনুসরণ না করে এই কমিটি ঘোষিত হয়েছে। অফিসিয়াল কোন কার্যক্রম/পদ্ধতি অনুসরণ করা হয়নি। 
নির্বাচন উপপরিষদের সদস্য উল্লেখ থাকলেও স্বাক্ষর না থাকার বিষয়ে জানতে চাইলে আবদুল মালেক বলেন, কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের অবগতির বাইরে কোন কমিটি করার সুযোগ নাই। আমরা কমিটি করলে সাধারণ সভা ডেকে সাংবাদিকদের সামনে ঘোষণা করব। 
তিনি বলেন, কেউ নাম একটা বসিয়ে সিল মেরে দিলে তো হয়ে যায় না। গোপনে কোন কমিটি হতে পারে না। 
বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক সাব্বির ভূঁইয়ার নিকট থেকে জানতে চাইলে বলেন, ২১২৯ রেজিস্ট্রেশন নাম্বারধারী কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে ২০১৭ সাল থেকে লেবার কোর্টে মামলা চলমান। এরপর থেকে নতুন কোন কমিটি অনুমোদন হয়নি। নির্বাচনের ব্যাপারে অফিসিয়ালি আমরা অবগত নই।
তিনি আরো বলেন, অনুমোদনের জন্য চারটি কমিটি জমা পড়ে, যার একটিরও অনুমোদন দেয়নি শ্রম দপ্তর।

পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন, নিজেদের মতো করে নির্বাচনী তফসীল বানিয়ে শ্রম দপ্তরকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এই কমিটি গঠিত হয়েছে। এ কারণে পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও বিভক্তি দেখা দিয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষার এই সংগঠনে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রম দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।




বৈষম্য বিলোপ আইন বিষয়ক আঞ্চলিক সংলাপ : মানুষের অধিকার নিশ্চিতের উপর গুরুত্বারোপ

বৈষম্য বিলোপ আইন বিষয়ক আঞ্চলিক সংলাপ : মানুষের অধিকার নিশ্চিতের উপর গুরুত্বারোপ
ছবি সংগৃহীত।

কক্সবাজারে অনুষ্ঠিত হলো বৈষম্য বিলোপ আইন বিষয়ক আঞ্চলিক পর্যায়ে সংলাপ। এতে মানুষের অধিকার নিশ্চিতের উপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিপিএইচই ওয়াশ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংলাপে বৈষম্য বিলোপ আইন বিষয়ে আলোচনা হয়। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে আইনের ধারা, সংস্কার ও সংযোজন বিয়োজন নিয়ে দলীয় কাজের মাধ্যমে উন্মুক্ত আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

পালস্ বাংলাদেশ সোসাইটি, খান ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে নাগরিকতা প্রকল্পের সহায়তায় যৌথ এই সংলাপে বলা হয়, প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং পূর্ণ মানবাধিকার ও সমমর্যাদার অধিকারী। তাই মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে।

পালস বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকরা বলেন, মানব সত্তার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ এবং সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্য নিরোধকল্পে আনীত বিল যেহেতু মানব সত্তার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ এবং সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্য নিরোধ করা আবশ্যক; এবং যেহেতু ঐতিহাসিক মুক্তি সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে একটি শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত এই সংলাপে সুইজারল্যান্ড দুতাবাস থেকে উপস্থিত ছিলেন, Corinee Thevoz, Depoty head of Cooperation, সাবিনা ইয়াসমিন লুবনা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার গভারনেন্স এন্ড হিউম্যান রাইটস এম্বাসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশ জেন্ডার ও মানবাধিকারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি, ব্লাষ্ট এর প্রতিনিধি এবং খান ফাউন্ডেশনের নাগরিকতা প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর ওমর খৈয়াম।

সংলাপ প্রোগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, উইমেন্স চেম্বার, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ক্ষুদ্রনৃগোষ্ঠী, আদিবাসি, হিজরা, প্রান্তিক জনগোষ্ঠী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংলাপে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে যে, রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান মর্মে ঘোষণা করা হয়েছে। সংবিধানের ২৮ অনুচ্ছেদে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না এবং কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না মর্মে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ২৯ অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগের নিশ্চয়তা প্রদান করা হয়েছে এবং যে কোনো ধরনের বৈষম্য প্রদর্শনকে নিষিদ্ধ করা হয়েছে।

বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামত প্রদানের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।