নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আদালতের আদেশ উপেক্ষা করে প্রবাসীর জমি দখলের অভিযোগ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আদালতের আদেশ উপেক্ষা করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আদালতের আদেশ উপেক্ষা করে প্রবাসীর জমি দখলের অভিযোগ
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিমিয়া পাড়া নামক স্থানে আদালতের আদেশ উপেক্ষা করে রাতের আঁধারে এক প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ১১ নভেম্বর (বুধবার) ভোরে প্রবাসী আজগর আলীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে ভূমিদস্যু কবির আহমদ ও তাঁর বাহিনী। এর আগে গত ৭ অক্টোবর প্রবাসী আজগর আলীর জমি দখলের চেষ্টা চালায় কবির আহমদ ও তাঁর লোকজন। এ সময় আজগর আলীর ভাইপো ইউসুফ আলী প্রতিবাদ করলে কবির আহমদ ও তাঁর বাহিনী যেকোনো মূল্যে জমি দখলের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় আজগর আলীর পক্ষে তাঁর ভাইপো বাদী হয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বান্দরবান আদালতে একটি মামলা করেন (নম্বর: ৫৫/২০২৬)। আদালত অভিযোগ আমলে নিয়ে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেন এবং বিষয়টি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শওকত জামিলকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু তদন্ত চলাকালীন সময়েই কবির আহমদ ও তাঁর লোকজন পুনরায় আজগর আলীর জমি জবরদখল করে নেন।

সূত্র মতে, নালিশি জমির রেকর্ডীয় মালিক আলী মিয়া। ওয়ারিশ সূত্রে তাঁর পুত্র আজগর আলী বিভিন্ন দাগে ৬৫ শতক জমি ভোগদখলে আছেন। দীর্ঘ ৩০ বছরের মধ্যে ৩৫২৩ দাগের ৫ শতক জমি কবির আহমদ গংয়ের কুদৃষ্টিতে পড়ে। প্রবাসী আজগর আলী প্রায় ১০ লাখ টাকা খরচ করে মাটি ভরাট করে উক্ত জমি দোকানঘর নির্মাণের উপযোগী করে তুলেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, জমিটি প্রবাসী আজগর আলী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শওকত জামিলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ এক মাদক কারবারি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ এক মাদক কারবারি গ্রেফতার
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড় এলাকার পাকা রাস্তায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুবনিয়া থেকে মেম্বারঘাটা হয়ে কুতুপালংগামী একটি সিএনজিকে অস্থায়ী চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির পেছনের আসনে থাকা এক ব্যক্তি পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটি তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১০০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা এবং জব্দকৃত সিএনজির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সলিম উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এসংক্রান্ত বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা (এফআইআর নম্বর-০৯, তারিখ- ১১/১১/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।




দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: থানচিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: থানচিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান
ছবি সংগৃহীত।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে ধারাবাহিক মানবিক সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থান্দুই পাড়ায় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পাড়াবাসীসহ স্থানীয় সাধারণ জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন ও বড়দিনের প্রাক্কালে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আয়োজিত এ উদ্যোগে ১৬ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক এবং মেডিকেল অফিসার উপস্থিত থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পেইনের আওতায় এলাকার সাধারণ পাড়াবাসীর পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতায় নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝেও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং জীবনরক্ষাকারী ওষুধ প্রদান করা হয়। দুর্গম এলাকায় চিকিৎসাসেবা ও ওষুধপত্র পেয়ে স্থানীয় সাধারণ মানুষ দারুণ উপকৃত হন।

এছাড়া আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে স্থানীয় গির্জার জন্য ২৫টি চেয়ার, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি এবং ১টি সাউন্ড বক্স প্রদান করা হয়। সেনাবাহিনীর এমন আন্তরিক ও জনকল্যাণমূলক পদক্ষেপে থান্দুই পাড়ার স্থানীয় বাসিন্দারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই তাঁদের পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।




দীর্ঘ প্রতীক্ষার অবসান: বান্দরবানের ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম যাজক হলেন সাধুমনি ফ্রান্সিস

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বান্দরবানের ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম যাজক হলেন সাধুমনি ফ্রান্সিস
ছবি সংগৃহীত।

দীর্ঘ প্রতীক্ষা, প্রার্থনা ও সাধনার পর অবশেষে স্বপ্ন পূরণ হলো বান্দরবান জেলার খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরা জনগোষ্ঠীর। পাহাড়ের দুর্গম জনপদ রুমা উপজেলার কালেহা পাড়ার সন্তান সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরা যাজক হিসেবে অভিষিক্ত হয়েছেন। তাঁর এই অভিষেক শুধু একজন ব্যক্তির ধর্মীয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা নয়, বরং বান্দরবান জেলার ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গত ৫ থেকে ৭ নভেম্বর তিন দিনব্যাপী নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে নিবেদিতা কুমারী মারীয়া ধর্মপল্লীতে এ ঐতিহাসিক আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম দিন ৫ নভেম্বর থানচির শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী থেকে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার মাধ্যমে নবীন যাজক সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরাকে বলিপাড়া মিশনে নিয়ে আসা হলে সেখানে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী আয়োজনের গরাইয়া নৃত্যের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় পবিত্র ঘণ্টা প্রার্থনা, মঙ্গলানুষ্ঠান ও বিশেষ আশীর্বাদ অনুষ্ঠিত হয়।

৬ নভেম্বর ছিল বহুল প্রতীক্ষিত মূল অভিষেক অনুষ্ঠান। চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি নবীন ডিকন সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরাকে যাজক হিসেবে অভিষেক ও আশীর্বাদ প্রদান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পবিত্র প্রার্থনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি যাজকীয় জীবনের দায়িত্ব গ্রহণ করেন। পরে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেষ দিন ৭ নভেম্বর ধন্যবাদের খ্রিষ্টযাগ ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নবীন যাজককে আবারও সংবর্ধনা জানানো হয়। কেবল ব্যক্তিগত অর্জন নয়, একটি জনগোষ্ঠীর গর্ব, পাহাড়ের দুর্গম জনপদে বেড়ে ওঠা একজন ত্রিপুরা তরुণের যাজক হয়ে ওঠার এই যাত্রা স্থানীয় জনগোষ্ঠীর কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, তাঁর এই অর্जनের মধ্য দিয়ে বান্দরবান জেলার ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায় প্রথমবারের মতো নিজেদের জনগোষ্ঠীর একজন যাজক পেল।

পরিবারের জন্যও এ অর্জন আবেগের ও গর্বের। জানা যায়, ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতা ও অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছেন সাধুমনি ফ্রান্সিস। বাবাকে হারানোর পর জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও তাঁর ধর্মীয় জীবনের স্বপ্ন ও সাধনা থেমে থাকেনি। দীর্ঘ পথচলা, অধ্যবসায়, উচ্চশিক্ষার, ধর্মীয় শিক্ষা ও সাধনার মধ্য দিয়ে আজ তিনি যাজকীয় অভিষেকের গৌরব অর্জন করেছেন।

তাঁর এই অর্জনকে ঘিরে শুধু পরিবার নয়, বলিপাড়া, থানচি-রুমা এবং জেলার বিভিন্ন এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। অনেকের কাছে এটি বহুদিনের প্রত্যাশা পূরণের মাহেন্দ্রক্ষণ।

নবীন যাজকের অঙ্গীকার: মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই

অভিষেক-পরবর্তী সংবর্ধনায় নব-অভিষিক্ত ফাদার সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরা আবেগাপ্লুত কণ্ঠে সৃষ্টিকর্তা, ধর্মীয় কর্তৃপক্ষ, পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “মানবসেবা, সত্যের পথে অবিচল থাকা এবং দুর্গম পাহাড়ি এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক কল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমার জীবনের প্রধান ব্রত। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আজীবন কাজ করে যেতে চাই। এই নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার আশীর্বাদ কামনা করছি।”

মাতৃভাষায় ধর্মীয় শিক্ষা ও নতুন সম্ভাবনা

অনুষ্ঠানে প্রধান অভিষেককারী চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি বলেন, দীর্ঘ ত্যাগ ও সাধনার পর থানচির মতো দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে একজন যাজক পাওয়া পুরো অঞ্চলের জন্য বিরাট আশীর্বাদ। নব-অভিষিক্ত ফাদার সাধুমনি ফ্রান্সিসের মাধ্যমে বাংলা ভাষার পাশাপাশি ত্রিপুরা জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় খ্রিষ্টধর্মের বাণী প্রচার ও ধর্মীয় শিক্ষা প্রদান আরও সহজ হবে। এতে স্থানীয় জনগোষ্ঠীর আধ্যাত্মিক বিকাশ ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে সম্প্রীতির মিলনমেলা

তিন দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ফাদার, ব্রাদার, সিস্টার, ধর্মীয় নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন এলাকার খ্রিষ্টভক্ত, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বলিপাড়া মিশন এলাকা পরিণত হয় আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির মিলনমেলায়। ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনও এ আয়োজনের মধ্য দিয়ে আরও দৃঢ় হয়।

স্থানীয়দের প্রত্যাশা, সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরার এই অর্জন পাহাড়ের নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সমাজসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে। তাঁর যাজকীয় জীবন শুধু ধর্মীয় দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সব মিলিয়ে তিন দিনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বান্দরবান জেলার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম যাজক অভিষেক অনুষ্ঠান। সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরার এই অভিষেক বলিপাড়ার ইতিহাসে যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি পাহাড়ের ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের আগামী দিনের পথচলায় হয়ে থাকবে অনুপ্রেরণার এক নতুন দৃষ্টান্ত।