আনোয়ারায় যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক নববধূকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। একই সময় তাঁর শ্লীলতাহানি এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি সামাজিক যোগাযোগ কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ওই নারীর বাবা নাছির উদ্দীন, মা চেমন আরা বেগম, মো. সেকান্দর ও হ্যাপী আক্তার।
সংবাদ সম্মেলনে এমন প্রতারণামূলক আচরণ যাতে আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে, সেজন্য বিয়ের তিন দিন পর নববধূকে রেখে পালিয়ে যাওয়া স্বামী মো. তৌহিদুল ইসলামসহ জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে চেমন আরা বেগমের মেয়ে নাজমিন সুলতানার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় তৌহিদুল আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ৮ নভেম্বর দুপুরে নাজমিনকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর নাজমিনের ভাই মো. ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাঁদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের উপস্থিতিতেই নাজমিনের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। পাশাপাশি তাঁর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইনটিও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করলে তালাকের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর মা চেমন আরা বেগম বাদী হয়ে তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করে গত ১৭ নভেম্বর আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










