ওমানে মোটরসাইকেল দুর্ঘটনায় মীরসরাইয়ের যুবকের মৃত্যু

ওমানের সালালায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় রেজাউল করিম (২৮) নামে মীরসরাইয়ের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল মীরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. মনছুর আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন রেজাউল। শুক্রবার বিকেলে সালালা শহরে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে তাঁর মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের প্রতিবেশী জহির উদ্দিন জানান, রেজাউলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের আবহ বিরাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মীরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসে এক যুবকের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চলছে।








