উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী

উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই

উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই।

তিনি বলেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়ার মূল রূপকল্প হবে বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করা।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় সরকার এরইমধ্যে ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে।

এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পাশাপাশি এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর দরকার।

এ সময় তিনি দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির ধারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন।

ইতালির বিশেষায়িত ‘ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার’ বা অঞ্চলভিত্তিক পণ্য উৎপাদনের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন এরইমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ বা ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন বা প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্য ভেন্যুতে সরকারি উদ্যোগে মেলা আয়োজনের বিষয়ে তিনি অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

সম্প্রতি তুরস্কে ‘কপ-৩১’-এ বাংলাদেশের স্টলে জুটসহ বিভিন্ন পণ্যের বিদেশি ক্রেতা আকর্ষণের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, বিদেশি ক্রেতাদের তাৎক্ষণিক অর্ডার নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে।

সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রশিক্ষণ দেওয়া হবে।

‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে বাজার সম্প্রসারণ, জিআই ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে। ব্যবসা শুরু ও পরিচালনায় প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত।

সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয় জাতি হিসেবে আমাদের গর্বিত করে।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবার নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এ ধরনের আয়োজন সবার মধ্যে দেশপ্রেম, মনোবল ও দেশের প্রতি দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

মন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও তারা এসব কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মজুরি বোর্ডের চেয়ারম্যান

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা
ছবি সংগৃহীত।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ২৩ তারিখ পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক-মালিক উভয় পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা ও পরিবারের নির্ভরশীল সদস্যদের তথ্য সংগ্রহের পাশাপাশি মালিকপক্ষের সুবিধা-অসুবিধাগুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে। এর আগে বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন জানান, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল এবং কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর কোনো চাপ নেই।

নতুন মজুরি কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী বোর্ডের হাতে ছয় মাস অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় থাকলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে একমত হয়েছেন। সবার প্রত্যাশা, আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।