ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার ডাক দিলেন অধ্যক্ষ নুরুল আমিন

ফটিকছড়িতে এক বিশাল গণমিছিল ও সমাবেশে আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত নেতা অধ্যক্ষ নুরুল আমিন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার নাজিরহাট বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “রাষ্ট্রকে টেকসই ও মানবিক করতে হলে আইনের শাসন অনিবার্য। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল নাগরিক যেন সমান বিচার পায়, আমরা তেমন একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু সনদ দেওয়ার মাধ্যম না বানিয়ে সৎ ও দায়িত্বশীল নাগরিক তৈরির কেন্দ্রে রূপান্তর করতে হবে।
সমাবেশে উপস্থিত বক্তারা সামাজিক বৈষম্য দূরীকরণ ও রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি রোধে নৈতিক নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা দাবি করেন, ইনসাফ কায়েম হলে সমাজে অনিয়ম ও অবিচার স্থায়ীভাবে নির্মূল হবে।
গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতের আমির নাজিমউদ্দিন ইমু, সেক্রেটারি ইউচুপ বিন সিরাজসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








