হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। তবে গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিল করায় তাঁর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। এর ফলে তাঁর নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধা দূর হলো।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত সারোয়ার আলমগীরের প্রার্থিতা বিষয়ে হাইকোর্টের পূর্বের আদেশ স্থগিত করেছিলেন। আজ হাইকোর্টের চূড়ান্ত আদেশের মাধ্যমে ফটিকছড়ি আসনে ধানের শীষের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলো।








