মীরসরাইয়ে হিন্দুপাড়ায় সাতবার আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি হিন্দু পাড়ায় এক সপ্তাহের ব্যবধানে সাতটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে মন্দির ও বসতঘরসহ বিভিন্ন স্থানে এসব অগ্নিকাণ্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামবাসী রাত জেগে পাহারার ব্যবস্থা করলেও কাটছে না শঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় তপন ধরের ব্যক্তিগত মন্দিরে আগুন দেওয়ার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত। এরপর ২৪ থেকে ২৯ জানুয়ারির মধ্যে অমিয় ধর, কানু নাথ ও রতন ধরসহ বেশ কয়েকজনের খড়ের গাদা, রান্নাঘর ও বসতবাড়িতে পর্যায়ক্রমে আগুন দেয় দুর্বৃত্তরা। সর্বশেষ গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৃদুল নম নামের এক ব্যক্তির বসতঘরে আগুন দেওয়া হয়, এতে ঘরের একাংশ ও আসবাবপত্র পুড়ে যায়।
ভুক্তভোগী তমালিকা সাহা বলেন, “দুপুরের দিকে ঘরে একা থাকাকালীন হঠাৎ বারান্দায় আগুন দেখতে পাই। চিৎকার করলে প্রতিবেশীরা এসে তা নিয়ন্ত্রণে আনেন। ওই সময় ঘরে বিদ্যুৎ ছিল না।” স্থানীয়দের ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।”








