মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু, পরিচয় শনাক্তে জটিলতা

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক কিশোর (১২) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তথ্যমতে, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বা রেললাইন পার হওয়ার সময় ধাক্কা লেগে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, "আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহতের বয়স কম হওয়ায় তার কাছে কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। এ কারণে আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) ব্যবহার করে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।"
পুলিশ আরও জানায়, নিহতের পরনে কালো রঙের জিনস প্যান্ট, কালো গোল গলা গেঞ্জি এবং কালো জ্যাকেট ছিল। বর্তমানে মরদেহটি ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য রেলওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে আশপাশের বিভিন্ন স্টেশনে বার্তা পাঠানো হয়েছে।








