মীরসরাইয়ে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু: পদচারী-সেতুর দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্রী ও এক পথচারী নিহতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদচারী-সেতু (ফুটওভার ব্রিজ) নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বড়তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা সংহতি জানান। কর্মসূচিতে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন অভিযোগ করেন, মহাসড়কের এই অংশে যত্রতত্র গাড়ি থামানো এবং বিশৃঙ্খল পারাপারের কারণে বারবার প্রাণহানি ঘটছে। তিনি দ্রুত পদচারী-সেতু নির্মাণ এবং জননিরাপত্তায় অন্তত দুইজন ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েনের দাবি জানান।
বক্তারা জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ সংলগ্ন এই এলাকায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয় প্রতিনিধিরা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, “বড়তাকিয়া বাজার এলাকায় পদচারী-সেতুর প্রয়োজনীয়তা সমীক্ষা করে দেখা হবে। বাস্তবতা বিবেচনায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”








