মীরসরাইয়ে চুলা থেকে আগুন: পুড়ল চার বসতঘর

চট্টগ্রামের মীরসরাইয়ে রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে ৪টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রফেসর হাসান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মফিজুর রহমানের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে মফিজুর রহমান, মোকছেদ আহমদ, তছলিম উদ্দিন ও শারীরিক প্রতিবন্ধী ছালামত উল্লাহর বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মীরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন চৌধুরী জানান, স্বর্ণালঙ্কার, ধান, চাল ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ৪টি পরিবার এখন নিঃস্ব। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে বলে তিনি দাবি করেন।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. লিটল আলী বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ৪টি ঘর পুড়ে গেলেও আমাদের কর্মীদের প্রচেষ্টায় আশপাশের অন্যান্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।”








