মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে হ্যান্ডবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন মারমা বাজার

মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে আয়োজিত প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে জাদিতং যুব সংঘকে ১১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারমা বাজার একাদশ। ফাইনাল খেলায় মারমা বাজার একাদশ ৩৩ গোল করে; বিপরীতে জাদিতং যুব সংঘ সংগ্রহ করে ২২ গোল।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উৎসব উদযাপন পরিষদ বান্দরবান জেলার সভাপতি চ নু মং মারমা।
ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। তবে খেলার শেষ পর্যন্ত নিজেদের দক্ষতা ও নৈপুণ্য ধরে রেখে ৩৩-২২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মারমা বাজার একাদশ। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, “তরুণ ও শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড়ি অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতা প্রশংসনীয়।” তিনি আরও উল্লেখ করেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান খেলার মাঠ সংস্কারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ সময় তিনি সবাইকে খেলাধুলায় উৎসাহিত হওয়ার পাশাপাশি নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চ নু মং মারমা বলেন, উৎসব উদযাপন পরিষদের এ আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে মাহা ওয়াগ্যোয়াই পোয়ের ঐতিহ্যবাহী রথযাত্রায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তিনি।
খেলা শেষে আকাশে রঙিন ফানুস উড়িয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।










